ডাগ-আউটে দাঁড়ানোর লাইসেন্স পেলেন ডি মারিয়া, সঙ্গী পারদেস

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০২:২১ পিএম

মাঠের ভেতরে নিখুঁত পাস আর জাদুকরী সব গোল দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন দুই দশক ধরে। এবার সেই ফুটবলীয় মস্তিষ্ককে ডাগ-আউটে কাজে লাগাতে প্রস্তুত আনহেল ডি মারিয়া। আর্জেন্টিনার এই কিংবদন্তি উইঙ্গার আনুষ্ঠানিকভাবে কোচিং লাইসেন্স গ্রহণ করেছেন। নিজের শহর রোজারিওর একটি প্রতিষ্ঠান স্কুল নং ১৯৩ থেকে এএফএ ও কনমেবল স্বীকৃত এই সনদ গ্রহণ করেন তিনি।

কোচিং লাইসেন্স পাওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে ডি মারিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তবে এই পথে তিনি একা নন, সঙ্গী হিসেবে পাশে পেতে চান জাতীয় দলের সতীর্থ ও প্রিয় বন্ধু লিয়ান্দ্রো পারেদেসকে। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, ‘আমরা একসঙ্গে কোচিং করানোর চেষ্টা করব। পারেদেস আমার ছোট ভাইয়ের মতো, আমাদের পরিবারগুলোর মধ্যেও দারুণ সম্পর্ক। আমরা অনেকবার এই বিষয়ে কথা বলেছি।’

বর্তমানে পারেদেস বোকা জুনিয়র্সের হয়ে খেলছেন। দি মারিয়ার পরিকল্পনা হলো, দুজনে মিলে একবার তার প্রিয় ক্লাব রোজারিও সেন্ট্রাল এবং আরেকবার পারেদেসের ক্লাব বোকা জুনিয়র্সের কোচের দায়িত্ব সামলাবেন। এমনকি আকাশী-সাদা জার্সিধারী জাতীয় দলের ডাগআউটে দাঁড়ানোর স্বপ্নও দেখছেন এই দুই বন্ধু।

কোচিং লাইসেন্স পেলেও ডি মারিয়ার মাথায় এখনই ঘুরছে নিজের দলের কৌশল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তার দল খেলবে ‘৪-৩-৩’ ফরমেশনে। মজার ব্যাপার হলো, পারেদেসও এই আক্রমণাত্মক ফরমেশন পছন্দ করেন। লিওনেল স্কালোনি ও পাবলো আইমারদের কোচিং প্যানেলকে খুব কাছ থেকে দেখাই তাকে এই পেশার প্রতি আগ্রহী করে তুলেছে।

কোচিং লাইসেন্স পেলেও বুট জোড়া এখনো তুলে রাখেননি ৩৬ বছর বয়সী এই তারকা। বর্তমানে রোজারিও সেন্ট্রালের হয়ে ‘তর্নিও আপারতুরা’ লিগে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। জোন বি-র শীর্ষস্থানে ওঠার লড়াইয়ে ইন্ডিপেনডিয়েন্ট রিভাদাভিয়ার মুখোমুখি হবে দি মারিয়ার দল। বর্তমানে জর্জ আলমিরোনের অধীনে থাকা রোজারিও সেন্ট্রাল ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ওপরের দিকেই আছে।

এছাড়া সামনেই রয়েছে কোপা লিবার্তাদোরেসের চ্যালেঞ্জ। গ্রুপ ‘এইচ’-এ ইকুয়েডরের ইন্ডিপেনডিয়েন্ট দেল ভালে, প্যারাগুয়ের লিবের্তাদ এবং ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে লড়বে রোজারিও। আগামী ৯ এপ্রিল ঘরের মাঠে ইকুয়েডরের ক্লাবের বিপক্ষে আন্তর্জাতিক এই টুর্নামেন্টে অভিষেক হবে ডি মারিয়াদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত