ভারতে কারাভোগের পর দেশে ফিরল নারী শিশুসহ ৩৩ বাংলাদেশি

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৬:০৬ পিএম

ভারতে তিন বছর কারাভোগের পর নারী ও শিশুসহ ৩৩ বাংলাদেশিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।বেনাপোল চেকপোস্ট দিয়ে রবিবার (২২ মার্চ) রাতে তাদের হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন ও পশ্চিমবঙ্গের নারী-শিশু পাচার রোধ বিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের একটি প্রতিনিধি দল বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে শার্শা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, বিজিবি ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে উদ্ধারকৃত এসব নারী-পুরুষ ও শিশুদের হস্তান্তর করা হয়। এ ছাড়াও এই প্রত্যাবাসন প্রক্রিয়ার সময় বেনাপোল সীমান্তে বিজিবি কর্তৃপক্ষ, স্থানীয় এনজিও কর্তৃপক্ষ ও ভারতের বিভিন্ন সরকারি সংস্থা এবং বিএসএফ সদস্যরাও উপস্থিত ছিলেন।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোলে কর্মরত শফিকুল ইসলাম জানান, দালালের মাধ্যমে পাচারের শিকার ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ভারত বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুদের কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা থানা থেকে তাদেরকে গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

জানা গেছে, ফেরত আসারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে তারা কলকাতা পুলিশের হাতে আটক হয়। আদালত তাদের ৩ বছরের সাজা দেওয়ার পর  কারভোগ শেষে বিভিন্ন এনজিওর সেফ হোমের হেফাজতে ছিলেন তারা। পরবর্তী সময়ে নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে তাদের ফিরিয়ে আনা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত