ঈদের ছুটিতে বাড়ি গিয়েও রোগী দেখছেন ডা. জাহিদ হোসেন

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ পিএম

ঈদের ছুটিতে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে রোগী দেখছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা গ্রামে সমাজকল্যাণ মন্ত্রীর পূর্ব পুরুষের বসত বাড়ি। রবিবার এলাকায় গিয়ে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রোগী দেখেছেন, আজ সোমবারও সকাল ১০টা থেকে আবারও রোগীদের সাথে কথা বলেছেন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, সকাল ১০টা থেকে বাড়ির সামনে রোগীর ভিড়। কারো সর্দি কাশি, কারো জ্বর, কেউ কেউ ক্যান্সারে আক্রান্ত, কারো ইউরোলজিক্যাল সমস্যা, কেউ নিউরো সমস্যা আক্রান্ত, কেউ হৃদরোগে আক্রান্ত এরকম নানা রোগে আক্রান্তরা আসছেন।

তিনি বলেন, গ্রামের সহজ সরল মানুষজন। আমি রবিবার সন্ধ্যায় বাড়ির আঙিনায় রোগী দেখতে বসেছি, রাত তিনটা পর্যন্ত রোগী দেখেছি। আজকে সকাল ১০টায় বসেছি, রোগীদের চিকিৎসাপত্র দিচ্ছি। রোগের ধরন দেখে বলছি, কোথায় যেতে হবে, কি কি পরীক্ষা করাতে হবে।

জাহিদ হোসেন বলেন, ঈদের ছুটিতে বাড়িতে এসে গ্রামের সহজ-সরল মানুষগুলোর চিকিৎসা সেবা দিতে পেরে ভালো লাগছে। তারা নিজের চিকিৎসার কথা জানাতে এসে বিভিন্ন সমস্যার কথা বলছেন, সেটাও সমাধান দিতে হচ্ছে আমাকে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত