ঈদের ছুটিতে সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি, বিএনপির হামলা, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২৩ মার্চ এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, গত ২১ মার্চ পবিত্র ঈদের দিন ও ঈদের ছুটিতে মানুষ যখন আনন্দ, দোয়া ও ইবাদতে নিমগ্ন ছিল, ঠিক সেই সময় দেশের বিভিন্ন স্থানে বিএনপির সন্ত্রাসীরা হামলা ও সংঘর্ষে লিপ্ত হয়। এসব ঘটনায় চুয়াডাঙ্গায় ২ জন, সিরাজগঞ্জে ১ জন, বরিশালে ১ জন এবং পাবনায় ১ জন নিহত হয়েছেন।
এ ছাড়া এসব হামলা, লুটতরাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আমি এই খুন ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, বিএনপি'র এই ধরনের ধারাবাহিক সহিংসতা, খুন-খারাবি ও সন্ত্রাসী তৎপরতা গণতন্ত্র, রাজনৈতিক শিষ্টাচার এবং রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই চলতে দেওয়া যায় না।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, পবিত্র ঈদের দিনে মানুষের ওপর জুলুম ও অত্যাচারের যে ধারা বিএনপি সৃষ্টি করেছে, তা অতীতের দুঃসময় ও পতিত স্বৈরাচারের কথা স্মরণ করিয়ে দেয়। সরকার যদি সন্ত্রাসীদের লাগাম টেনে না ধরে, তাহলে জনগণ রাজপথে এর জবাব দেবে।
উল্লেখ্য যে, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ২৩ জন মানুষকে হত্যা করেছে। এর মধ্যে জামায়াতের ৩ জন নেতাকর্মী রয়েছেন।
আমরা সকল হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।
