ইরানের রাজধানী তেহরানে আবার হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী । বুধবার (২৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করে ইরানি গণমাধ্যম। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ শেষ করতে আলোচনায় অগ্রগতি হচ্ছে। এরই মধ্যে তেহরানের কাছে একটি ১৫ দফা প্রস্তাব পাঠানো হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, তেহরানজুড়ে বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে একাধিক হামলা পরিচালনা করা হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা এসএনএন জানিয়েছে, হামলায় শহরের একটি আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন।
এদিকে কুয়েত ও সৌদি আরব জানিয়েছে, তারা নতুন করে ড্রোন হামলা প্রতিহত করেছে, তবে হামলার উৎস সম্পর্কে কিছু বলেনি। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে ড্রোন আঘাত হানলে আগুন লাগে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা ইসরায়েলের তেল আবিব ও কিরিয়াত শমোনাসহ কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিগুলোতে নতুন দফা হামলা চালিয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
মঙ্গলবার ট্রাম্প জানান, যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধে ইতিমধ্যে ব্যাপক প্রাণহানি হয়েছে এবং ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি হয়েছে ,বৈশ্বিক জ্বালানি সরবরাহে ধস নেমেছে এবং বাজার টালমাটাল অবস্থায় রয়েছে।
যুদ্ধবিরতির সংবাদে পারস্য উপসাগর থেকে তেল রপ্তানি পুনরায় শুরু হওয়ার আশা তৈরি হয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র ইরানের 'সঠিক মানুষদের' সঙ্গে কথা বলছে। তিনি আরও জানান, ইরানিরা একটি সমাধানে পৌঁছাতে অত্যন্ত আগ্রহী। তবে ইরানের প্রভাবশালী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সোমবার এসব খবরকে 'ভুয়া সংবাদ' বলে উড়িয়ে দিয়েছেন।
