জামালপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫মার্চ) দুপুরের দিকে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল কাইয়ুম এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটক তিনজনের মধ্যে মো.আরিফ হোসেন (৩২) জামালপুর পৌর শহরের মনিরাজপুর এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে, মো.এনামুল হক (৪৯) পৌর শহরের বাগেরহাটা মধ্যপাড়া এলাকার মৃত আলাউদ্দিনের মিয়ার ছেলে ও মোছা.সাধনা খাতুন (৪২) পৌর শহরের মুসলিমাবাদ এলাকার মৃত উজ্জ্বল মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১) একটি দল বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকার ফজলের স'মিলের সামনে অভিযানে ৪ কেজি গাঁজাসহ আরিফ হোসেন ও এনামুল হককে আটক করেন।
এদিকে পৌর শহরের চামড়াগুদাম এলাকার আল জামিয়াতুল হাবিবিয়াহ কওমী মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে দশ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাধনা খাতুনকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও জেলার নবাগত পুলিশ সুপার মোছা.ফারহানা ইয়াসমিনে নির্দেশনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.সোহাগের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ অভিযানে চার কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারি ও দশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।