হত্যা মামলায় মামুন খালেদের ৭ দিনের রিমান্ড আবেদন

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৩:০০ পিএম

জুলাই আন্দোলনে মিরপুর মডেল থানায় হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা ও ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগের সাব-ইন্সপেক্টর কফিল উদ্দিন ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতে এ আবেদন করেন। 

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেওয়ার সময় দেলোয়ার হোসেনকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও অজ্ঞাতসন্ত্রাসীরা আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায় এবং গ্রেপ্তারকৃত শেখ মামুন খালেদের নির্দেশে গুলি চালানো হয়।

ঘটনাস্থলে গুরুতর আহত দেলোয়ার হোসেনকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই মৃত্যুবরণ করেন তিনি।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছে, অন্য আসামিদের গ্রেপ্তার ও অজ্ঞাতনামা আসামিদের তথ্য সংগ্রহ, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য শেখ মামুন খালেদের নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে তার জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে।

এর আগে, গতকাল রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ডিওএইচএস এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত