জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ চলছে এবার জয়পুরহাটের কালাইয়ে। অনুষ্ঠানটি দেখতে গিয়ে মোবাইল ফোন চুরির শিকার হয়েছেন বিপুলসংখ্যক দর্শক। অনুষ্ঠানস্থলে ভিড়ের মধ্যে শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ওসি (তদন্ত) ইমায়েদুল জাহেদী। আটক গোলাম রতন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে।
জানা গেছে, শনিবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে অবস্থিত নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ করা হয়। হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার দর্শকের সমাগম ঘটে।
অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন আড়াই শতাধিক পুলিশ সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন স্কাউট এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক। তবে এত নিরাপত্তার মধ্যেও বিপুল দর্শকের ভিড়ের সুযোগ নেয় চোর ও পকেটমার চক্র।
।