ভোলায় লঞ্চের ধাক্কায় দুই যাত্রী আহত

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১২:৩৭ এএম

ভোলার ইলিশা লঞ্চঘাটে গত বুধবার রাত ১০টার দিকে ঢাকামুখী এমভি তরঙ্গ-৭ নামের একটি যাত্রীবাহী লঞ্চের দড়ি ছিঁড়ে পন্টুনে থাকা দুই যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত এক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. নুরউদ্দিন (৩২) এবং রাজাপুর ইউনিয়নের সুদের হাট গ্রামের মো. নুরনবী (৩৭)।

নৌ-পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, ঈদ উপলক্ষে ঢাকামুখী যাত্রীবাহী লঞ্চে যাত্রী তোলার সময় অতিরিক্ত বাতাস ও স্রোতের কারণে ঘাটে থাকা অন্য লঞ্চের সঙ্গে তরঙ্গ-৭ লঞ্চের ধাক্কা লাগে। পাশাপাশি পন্টুনে বাঁধা লঞ্চটির দড়ি ছিঁড়ে গিয়ে পন্টুনে দাঁড়িয়ে থাকা দুই যাত্রীকে আঘাত করে। এতে নুরউদ্দিনের পা ভেঙে যায় এবং অন্য যাত্রীও আহত হয়।

ভোলা সদর ইলিশা নৌ-থানা পুলিশের ওসি সৈয়দ আশিকুর রহমান বলেছেন, ‘ঘটনার পরপরই আমরা তরঙ্গ-৭ লঞ্চটিকে আটক করেছি। বর্তমানে লঞ্চ আমাদের হেফাজতে রয়েছে। তবে লঞ্চ সংশ্লিষ্ট ব্যক্তি এখনো আত্মগোপনে রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত