বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম গ্রেপ্তার

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৯:৩৯ এএম

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে (৭৬) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ঢাকার রমনা থানা এলাকা থেকে শুক্রবার (২৭ মার্চ) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার মৃত আজিমদ্দিনের ছেলে। তিনি জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। তবে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-২ আসন থেকে আওয়ামী লীগের সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হন।

গ্রেপ্তারের বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি বগুড়ার একটি বিশেষ দল ঢাকা মেট্রোপলিটন এলাকার রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা (মামলা নম্বর-১৫) করা হয়েছিল। ওই মামলায় তিনি পলাতক ছিলেন।

এ ছাড়া তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির এই ভাইস চেয়ারম্যানকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত