জামালপুর পৌর শহরে মাদক কারবারি, মাদকসেবিদের ভয়াবহ উৎপাত, চুরি, ছিনতাই, ডাকাতিসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এ অবস্থায় এলাকায় শান্তি বিঘ্নকারী দুর্বৃত্ত ইমনসহ অন্য অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (২৭মার্চ) দুপুরের দিকে পৌর শহরের তিরুথা এলাকায় পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডবাসী ও তিরুথা সমাজ উন্নয়ন কমিটির আয়োজনে তিরুথা-জামালপুর সড়কে আয়োজিত মানববন্ধন সমাবেশে এ দাবি জানান এলাকাবাসী।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব জামালপুরের সদস্য ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম। মানববন্ধনে বক্তব্য রাখেন মিয়ার উদ্দিন মাস্টার, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম লাঞ্জু, মো. ফারুক হোসেন, নাকাটি মোল্লা বাড়ী এলাকার শফিকুল ইসলাম মোল্লা, মেহেদী হাসান, মো.মানিক মিয়া, রায়হান বাবু প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, এই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিশেষ করে বামুনপাড়া, তিরুথা, রামনগর, নাকাটি এই চার এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়ে গেছে। প্রতিনিয়ত সেচ পাম্প, গরু-ছাগল, হাঁস-মুরগি চুরি হয়। ছিনতাই আর ডাকাতি মতো ঘটনা ঘটেছে। এর মুলে হচ্ছে মাদক। মাদক কারবারি ও মাদকসেবি হচ্ছে এই অপরাধের মুল। সমাজ থেকে মাদকসেবি ও মাদক কারবারিদের চিরতরে নির্মূল করতে হবে। আর আমাদের এই চার এলাকার শান্তি বিঘ্নকারী দূর্বৃত্ত ইমনসহ সকল অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে অভিযুক্ত ইমন সাথে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে এ প্রসঙ্গে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, বিষয়টি জেনেছি। এ ধরণের কাজের সাথে জড়িতদের তালিকা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা মানববন্ধন করেছে আমরা তাদের কাছেও সহযোগিতা চেয়েছি।
