হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০১:২৮ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ১০দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ভারতের মাঝে আমদানি-রপ্তানি শুরু হওয়ায় কথা থাকলেও ভারতীয় কাস্টমস সুপারের মৃত্যুতে ফের বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ।

শনিবার (২৮ মার্চ) আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সেই সঙ্গে বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে। 

হিলি কাস্টমস সিআ্যন্ড এফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ১৮ মার্চ  থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা ১০দিন হিলি শুল্ক স্টেশনে কর্মরত সিআ্যন্ডএফ এজেন্টদের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। ঈদের ছুটির পর আজ শনিবার থেকে সিআ্যন্ডএফ এজেন্টদের সকল কার্যক্রম স্বাভাবিক হওয়ার কথা থাকলেও শনিবার ভারতীয় কাস্টমসের এক সুপার মৃত্যুর কারণে ভারতীয় ব্যবসায়ীরা আজ বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ রেখেছে। ফলে বন্দর দিয়ে দুদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়নি। আগামীকাল রবিবার (২৯ মার্চ) সকাল থেকে পুনরায় দুদেশের মাঝে বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

এদিকে ঈদের ছুটি শেষে বন্দরে কর্মরত শ্রমিকরা তাদের কাজে যোগ দিয়েছেন। এর ফলে বন্দরের ভেতরে আটকে থাকা আগের আমদানিকৃত পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দরের ভেতরের অন্যান্য সকল কার্যক্রম চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, এই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার অব্যাহত রয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই পথ দিয়ে দুদেশের যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত