সেই ঢুস কান্ডের ২০ বছর পরও কথা হয়নি জিদান-মাতেরাজ্জির

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৫:৪৭ পিএম

২০ বছর আগে বার্লিনের সেই রাতে ফুটবল বিশ্ব এক অভাবনীয় ঘটনার সাক্ষী হয়েছিল। জিনেদিন জিদানের সেই বিখ্যাত 'ঢুস কাণ্ড আজওফুটবল প্রেমীদের মনে অমলিন। তবে অবাক করা তথ্য হলো, দীর্ঘ ২০ বছরেও সেই ঘটনার রেশ কাটেনি জিদান ও মার্কো মাতেরাজ্জির মধ্যে। ইতালিয়ান ডিফেন্ডার মাতেরাজ্জি জানালেন, সেই রাতের পর আজ অবধি জিদানের সাথে তার কোনো কথা হয়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতেরাজ্জি খোলাসা করেছেন সেই ঘটনার বর্তমান অবস্থা। তিনি বলেন, 'এই গ্রীষ্মে আমাদের সেই ঘটনার ২০ বছর পূর্ণ হবে, কিন্তু আমরা এখনো কথা বলিনি। আমার এতে কোনো সমস্যা নেই। ফুটবলে ৯০ মিনিটের মধ্যে আপনি আপনার দলকে জেতাতে যা কিছু করতে পারেন, কিন্তু রেফারির শেষ বাঁশির পর সব শেষ। আমার কাছে জিদান একজন কিংবদন্তি এবং রিয়াল মাদ্রিদে কোচ হিসেবে তার সাফল্যকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি।'

মাতেরাজ্জিকে গুতো মারায় লালকার্ড দেখতে হয় জিনেদিন জিদানকে

বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মনে প্রশ্ন ছিল, শান্ত স্বভাবের জিদানকে কী এমন বলেছিলেন মাতেরাজ্জি যে তিনি মাথা গরম করে ফেললেন? মাতেরাজ্জি নিজেই সেই রহস্যের জট খুলেছেন। জিদান তাকে জার্সি অফার করলে মাতেরাজ্জি টিটকারি দিয়ে বলেছিলেন, 'জার্সির চেয়ে তোমার বোনকেই আমার বেশি পছন্দ।'

মাতেরাজ্জির মতে, এনবিএ-তে যেমন 'ট্র্যাশ টকিং' হয়, এটি তার চেয়েও সামান্য ছিল। তবে জিদান বিষয়টি সহজভাবে নিতে পারেননি। জিদান পরে স্বীকার করেছিলেন, "সে আমার বোন লিলাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিল। আমি জানি আমার সেই আচরণ ক্ষমার অযোগ্য ছিল এবং আমি তার জন্য বিশ্বজুড়ে শিশুদের কাছে ক্ষমা চেয়েছি।"

মাতেও মাতেরাজ্জি এখন

বার্লিনের সেই ফাইনালে জিদানের লাল কার্ডের পর পেনাল্টি শ্যুটআউটে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিল ইতালি। জিদানের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষটা ট্র্যাজিক হলেও, সেটিই হয়ে আছে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে আলোচিত বিদায়। অন্যদিকে, মাতেরাজ্জি ক্যারিয়ারের শেষ দিকে ভারতের আইএসএল ক্লাব চেন্নাইয়িন এফসি-তে খেলেছেন এবং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত