শেরপুরের নালিতাবাড়ী পৌর এলাকায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারিয়ার সিফাত (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার গড়কান্দা সরকার বাড়ি সংলগ্ন নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে।
শাহারিয়ার সিফাত গড়কান্দা এলাকার মাহফুজুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গোসল শেষে বাসায় এসে সিফাত মোবাইল ফোন চার্জ দিতে গেলে হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিটে গুরুতর আহত হয়।
শর্ট সার্কিটের শব্দ শুনে তার মা শাহনাজ বেগম উঠান থেকে দৌঁড়ে এসে ছেলেকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত সিফাতকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর আনুমানিক দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান।
আপত্তিকর ভিডিও ধারণে ব্ল্যাকমেইল, নারীসহ গ্রেপ্তার ২