সারা দেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুরের হিলিতে একমাত্র পাম্প হিলি ফিলিং স্টেশনে গত দুদিন ধরে মিলছে না তেল। এই দুইদিন পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ থাকলেও ডিজেল বিক্রি স্বাভাবিক রয়েছে। তবে পেট্রোল ও অকটেন নিতে আসা বিভিন্ন যানবাহন চালকরা বিপাকে পড়েছেন।
সোমবার (৩০ মার্চ) হিলির একমাত্র ফিলিং স্টেশনে গিয়ে তেল বিক্রি বন্ধের কার্ড ঝুলে থাকতে দেখা গেছে। পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ থাকলে শুধুমাত্র ডিজেল বিক্রি করতে দেখা গেছে।
পাম্পে তেল নিতে আসা আব্দুর রাজ্জাক বলেন, এই যে পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য আসলাম,এসে তো তেল পেলাম না এখন ঘুরে যাচ্ছি। একেতো মোটরসাইকেলে তেল নেই এর ওপর এতদূর তেল খরচ করে এসে পাম্পে তেল পেলাম না। অথচ খোলা বাজারে মাঝে মধ্যে তেল পাচ্ছে তাহলে ওরা কীভাবে তেল পাচ্ছে। এই বিষয় নিয়ে ভাবতে তো আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এবিষয়ে প্রশাসনের নজরদারি থাকা দরকার কারণ আমরা পাম্প থেকে ঘুরে যাচ্ছি কিন্তু সাইডে খোলা বাজারে তেল পাওয়া যাচ্ছে।
আরেক তেল ক্রেতা মিনহাজুল ইসলাম বলেন,মোটরসাইকেল নিয়ে পাম্পে তেল নিতে আসছি, কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। তেল কাউকে দিচ্ছে আবার কাউকে দিচ্ছে না। তেল না পেলে আমরা কীভাবে চলব। পাম্পে তেল পাওয়া যাচ্ছে না কিন্তু খোলা বাজারে বাড়তি দামে তেল পাওয়া যাচ্ছে। তারা কীভাবে তেল পাচ্ছে নাকি পাচার করতেছে একটা প্রশ্ন থেকে যাচ্ছে।
পাম্পে তেল নিতে আসা সিরাজুল ইসলাম বলেন,পাম্পে এসেছে তেল নিতে আসছি কিন্তু পাম্পে তো তেল নাই সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। মানে তিনদিন ধরে আসতেছি তেল নিতে এখনো তেল আসেনি। আজকে এইমাত্র তেল আনতে গেল। তাছাড়া খোলা বাজারে যে তেল পাওয়া যাচ্ছে তাও দাম বেশি ২৫০ টাকা লিটার ৩শ টাকায় বিক্রি করতেছে।
হিলি ফিলিং স্টেশনের বিক্রয়কর্মী বাবু বলেন, বর্তমানে আমাদের এখানে পেট্রোল-অকটেন দুটোর কোনোটাই নেই। আমাদের এখানে শুধুমাত্র ডিজেল আছে। আমরা ক্রেতাদের ডিজেল সরবরাহ করছি,বেচাকেনা করতেছি। আমাদের এখানে গ্রাহক প্রতি ২০ লিটার থেকে ১০ লিটার করে তেল বিক্রি করা হচ্ছে। যখন পেট্রোল-অকট্যান আসবে তখন আমরা আবার গ্রাহদের দিতে পারবো।
তিনি বলেন, ডিপো থেকে তেল পাওয়া যাচ্ছে না এখন আমরা কী করব। তেলের বরাদ্দ কম দেওয়া হচ্ছে। কখনো ২ হাজার লিটার আবার কখনো ৩হাজার লিটার দেয়। পেট্রোল-অকটেন যদি ৩হাজার লিটার দেয় তবে গাড়ি হয় ৬ হাজার। এখানে আমরা মেকআপ কীভাবে করব। আশেপাশের বিভিন্ন এলাকার গাড়িও এখানে আসে, তাদেরকেও তো তেল দিতে হয়।