'এমএলএসে যেও না, তুমিও মেসি হয়ে যাবে'—সালাহকে মিশরীয় কোচের সতর্কবার্তা

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৮:৪৯ পিএম

লিভারপুলের হয়ে দুটি প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতা মোহাম্মদ সালাহ এখন ক্যারিয়ারের নতুন মোড়ে। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড এই মৌসুম শেষেই অ্যানফিল্ড ছাড়ছেন। তার পরবর্তী গন্তব্য হিসেবে আমেরিকার মেজর লিগ সকার এবং সৌদি প্রো লিগের নাম শোনা যাচ্ছে। তবে মিশরের জাতীয় দলের ডিরেক্টর ইব্রাহিম হাসান মনে করেন, এমএলএসে যাওয়া হবে সালাহর জন্য এক আত্মঘাতী সিদ্ধান্ত।

'মেসিকে এখন আর কেউ মনে রাখে না'

সালাহকে সতর্ক করতে গিয়ে ইব্রাহিম হাসান সরাসরি টেনে আনলেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসির প্রসঙ্গ। ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর মেসি যেভাবে ইউরোপীয় ফুটবলের মূল আলোচনা থেকে ছিটকে গেছেন, সালাহর ক্ষেত্রেও তেমনটাই হতে পারে বলে তার আশঙ্কা।

ইব্রাহিম হাসান বলেন, "ব্যক্তিগতভাবে আমি চাই সালাহ ইউরোপেই থাকুক। পিএসজি, বায়ার্ন মিউনিখ বা ইতালিয়ান ক্লাবগুলো থেকে তার কাছে অফার আছে বলে শুনেছি। কিন্তু মেজর লিগে যাওয়া? সে তো একদম লাইমলাইটের বাইরে চলে যাবে। আপনি সালাহকে ততটাই ভুলে যাবেন, যতটা আমি এখন মেসিকে ভুলে গেছি। আমি এমনকি এখন আর মেসির খেলা দেখার চেষ্টাও করি না।"

ইউরোপ না হলে গন্তব্য হোক সৌদি আরব

সালাহ যদি ইউরোপে থাকার মতো জুতসই প্রস্তাব না পান, তবে আমেরিকার চেয়ে সৌদি আরবকে বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করেন ইব্রাহিম। মিশরের প্রধান কোচ হোসাম হাসানের জমজ ভাই ইব্রাহিম হাসান বলেন, "ইউরোপ থেকে ভালো অফার না পেলে সৌদি লিগ একটি ভালো অপশন হতে পারে। বিশেষ করে সেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বড় নামরা খেলছে।"

বর্তমানে ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন মোহাম্মদ সালাহ। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মিশরের চলমান ট্রেনিং ক্যাম্পে তিনি নেই। মঙ্গলবার বার্সেলোনায় স্পেনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে মিশর। এর আগে জেদ্দায় সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়েছে সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়নরা।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে 'গ্রুপ জি'-তে মিশরের সঙ্গী বেলজিয়াম, নিউজিল্যান্ড এবং ইরান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত