লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, আজীবন ফ্রি ভাড়া ঘোষণা

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৩ পিএম

চাঁদপুরে হাসপাতালে পৌঁছানোর আগেই লঞ্চের ভেতরে জন্ম নিয়েছে এক কন্যাশিশু। এ মানবিক ঘটনায় নবজাতকের জন্য আজীবন ফ্রি যাতায়াতের ঘোষণা দিয়েছেন লঞ্চ মালিক।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুর লঞ্চঘাটে নোঙর করা এমভি হাশেমপুর লঞ্চে এ ঘটনা ঘটে। 

জানা যায়, মতলব উপজেলার জহিরাবাদ চর উমেদ এলাকা থেকে চাঁদপুর জেনারেল হাসপাতালে যাওয়ার পথে হঠাৎ প্রসব ব্যথা শুরু হয় এক গর্ভবতী নারীর। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠলে লঞ্চের মধ্যেই জন্ম নেয় তার কন্যাসন্তান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চাঁদপুর নৌথানা পুলিশ। এ সময় স্থানীয় সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও এগিয়ে আসেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় মা ও নবজাতককে উদ্ধার করে দ্রুত চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এস এস ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রসূতির শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ সময় সাংবাদিক ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন লঞ্চ মালিক। তিনি নবজাতকের পরিবারকে তাৎক্ষণিক ৫ হাজার টাকা ও নতুন পোশাক উপহার দেন। পাশাপাশি শিশুটির ভবিষ্যৎ যাতায়াত ভাড়া আজীবনের জন্য ফ্রি ঘোষণা করা হয়েছে।

প্রসূতির স্বামী আল আমিন প্রধানীয়া জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা তারা কল্পনাও করেননি। তবে সবার সহযোগিতায় মা ও সন্তান এখন চিকিৎসাধীন রয়েছেন।

চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, নবজাতক সুস্থ রয়েছে। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রসূতিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা সার্বক্ষণিক তার অবস্থা পর্যবেক্ষণ করছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত