পারল না হামজারা, সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হার

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৮:৩০ পিএম

শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলাদেশ। স্বাগতিক সিঙ্গাপুরকে কোনঠাসা করে চেয়েছিল লিড নিতে। তবে গোল করার লোকই পুরো ম্যাচে খুঁজে পাওয়া যায়নি। উল্টো রক্ষণের ভুলে প্রথমার্ধে হ্যারিস স্টুয়ার্ট গোল করে এগিয়ে নেন সিঙ্গাপুরকে। সেই লিড ধরে রেখে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে সিঙ্গাপুর। বাংলাদেশের সুনামী ঠেকিয়ে সেই জয়ের মহিমা আরও বেড়েছে সি গ্রুপের সেরাদের। আর এশিয়ান কাপ বাছাইয়ের শেষটা বাংলাদেশকে বরণ করতে হয়েছে হারের পরিণতি।

সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামের এই ম্যাচে একমাত্র গোলটি হয়েছে প্রথমার্ধেই। ৩১ মিনিটে মাঝমাঠ থেকে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে স্বাগতিকরা। ইখসান ফান্দির পাস পেয়ে নিখুঁত শটে বল জালে জড়ান হারিস স্টুয়ার্ট। সেটাই হয়ে যায় ম্যাচের ভাগ্যনির্ধারক মুহূর্ত।

অথচ ম্যাচের শুরুটা হতে পারত ভিন্ন। ১৪ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফাঁকায় বল পেয়েছিলেন সমিত সোম। কিন্তু তাঁর হেড বার পেরিয়ে যায়। কিছুক্ষণ পর বক্সে ফাউলের শিকার হন ফাহিম। জোরালো পেনাল্টির আবেদনও ওঠে। রেফারির বাঁশি অবশ্য নীরবই থাকে।

পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে বদলে যায় বাংলাদেশের চেহারা। প্রেসিং ফুটবল। দুই প্রান্ত দিয়ে আক্রমণ। একের পর এক ঢেউ তুলে সিঙ্গাপুরের রক্ষণে চাপ বাড়ায় লাল-সবুজরা। গোলের খোঁজে ৬১ মিনিটে ফাহিমের জায়গায় নামানো হয় শাহরিয়ার ইমনকে। এরপর ৭২ মিনিটে ফাহামিদুল ও মোরসালিনের বদলে মাঠে আসেন বিশ্বনাথ ঘোষ ও মিরাজুল ইসলাম।

বাংলাদেশের এই চাপের মুখে খানিকটা নড়বড়ে হয়ে পড়ে সিঙ্গাপুর। ৬১ মিনিটে চোট পেয়ে মাঠে বসে পড়েন ইরফান ফান্দি। পাঁচ মিনিট পর তাঁকে তুলে নিতে হয়। ইখসান ফান্দিকেও বদলি করতে বাধ্য হন কোচ।

তারপর আসে ম্যাচের সবচেয়ে বড় মুহূর্ত। ৭৯ মিনিট। মাঝমাঠ থেকে পাওয়া ফ্রি-কিকে হামজা চৌধুরীর দারুণ ক্রস। বক্সে বল পেয়ে যান মিরাজুল। শট নেন। কিন্তু বল লেগে ফিরে আসে পোস্টে। সমতায় ফেরার সেরা সুযোগটা সেখানেই হাতছাড়া।

শেষদিকে আরেকবার চেষ্টা করেছিলেন সমিত সোম। ৮৫ মিনিটে তাঁর শট জমা পড়ে গোলরক্ষকের গ্লাভসে। এরপর যোগ করা চার মিনিটেও আর কিছু বদলায়নি। ফলাফল—১-০ হার।

এর আগে জুনে ঢাকায় প্রথম লেগেও ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। 

বাংলাদেশের একাদশ ছিল

মিতুল মারমা (গোলকিপার), শাকিল আহাদ তপু, শেখ মোরসালিন, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক রাইহান কাজী, ফাহামেদুল ইসলাম, মো. সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন, শমিত সোম

×
সর্বশেষ সর্বাধিক পঠিত