কোন ক্রিকেটার ২০১৮ সালে রিজভীর কাছে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন?

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১০:০০ পিএম

বাংলাদেশের রাজনীতিতে খেলোয়াড়দের নাম লেখানো নতুন কিছু নয়। তবে সেই নাম লেখানোর পেছনে পর্দার আড়ালে কোনো 'চাপ' কাজ করে কি না, তা নিয়ে নতুন এক বিতর্কের জন্ম দিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার মোহামেডান স্পোর্টিং ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এক জাতীয় ক্রিকেটারের বিএনপির মনোনয়ন চাওয়ার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ স্মৃতিচারণ করেন ২০১৮ সালের আগের একটি ঘটনার। তিনি জানান, দেশের এক প্রখ্যাত ক্রিকেটার তাকে ফোন করে বিএনপির হয়ে নির্বাচনে লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, 'একজন নামী ক্রিকেটার আমাকে ফোন করে বলেছিলেন—আমি তো ক্রিকেটার, আমি বিএনপি থেকে নির্বাচন করতে চাই। কিন্তু পরবর্তীতে দেখলাম তিনি অন্য একটি রাজনৈতিক দল থেকে সংসদ সদস্য হয়েছেন।

তবে বিএনপি নেতা সেই ক্রিকেটারের নাম সরাসরি উল্লেখ করেননি। সেই ক্রিকেটার কেন নিজের পছন্দের দল ছেড়ে অন্য দলে যোগ দিলেন, তার একটি ব্যাখ্যাও দিয়েছেন রিজভী, 'আমার বিশ্বাস, তাকে বাধ্য করা হয়েছে। নানাভাবে উৎপীড়ন করা হয়েছে। তার জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিকে পুঁজি করে এবং ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে নির্দিষ্ট একটি দলের দিকে টেনে নেওয়া হয়েছে। এটি কোনোভাবেই কাম্য নয়।'

খেলোয়াড়দের সক্রিয় রাজনীতিতে জড়ানো নিয়ে এর আগেই কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শাপলা হলে অ্যাথলেটদের মাসিক ভাতা ঘোষণার সময় তিনি সাফ জানিয়ে দেন, খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে জড়ানো উচিত নয়। পরে ক্রিকেট বোর্ডের সহ-সহসভাপতি ফারুক আহমেদ বলেন, *আমি ব্যক্তিগতভাবে মনে করি, আইন করেই খেলোয়াড়দের ক্যারিয়ার চলাকালীন রাজনীতিতে আসা বন্ধ করা উচিত।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত