ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স মাঠে এশিয়ান গেমস হকির বাছাইপর্বে দাপুটে এক জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। প্রথম ম্যাচে তারা ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করেছে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী চায়নিজ তাইপেকে।
খেলার শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য খুব একটা সুখকর ছিল না। ম্যাচের চতুর্থ মিনিটেই লি চি-শুয়ানের গোলে পিছিয়ে পড়ে লাল-সবুজরা। তবে ঘুরে দাঁড়াতে তারা খুব বেশি সময় নেয়নি। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান আশরাফুল ইসলাম। ৭ মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান আশরাফুল।তৃতীয় কোয়ার্টারে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-১। ৫৯ মিনিটে দ্বীন ইসলাম গোল করলে স্কোরলাইন হয় ৪-১। তবে খেলার একেবারে অন্তিম মুহূর্তে তাইপে পরপর দুটি গোল শোধ দিলেও বাংলাদেশের জয় আটকাতে পারেনি।
চায়নিজ তাইপের বিপক্ষে এটি বাংলাদেশের টানা চতুর্থ জয়। এর আগে গত বছর এশিয়া কাপে তাদের ৮-৩ গোলে বিধ্বস্ত করেছিল আশরাফুল-রাকিবুলরা। অতীত রেকর্ড বলছে, এর আগে দলটির বিপক্ষে ৪-২ এবং ১১-৩ গোলের বড় জয় পাওয়ার অভিজ্ঞতাও রয়েছে বাংলাদেশের।
লক্ষ্য যখন এশিয়ান গেমস
এবারের বাছাইপর্বে অংশ নিচ্ছে মোট ৯টি দেশ, যার মধ্যে সেরা ৬টি দল সরাসরি জাপানে অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে।
আগামী ১০ এপ্রিল বাছাইপর্ব শেষ হবে। আগামী সেপ্টেম্বরে জাপানে বসবে এশিয়ান গেমসের মূল আসর।
এখন পর্যন্ত বাংলাদেশ ১১ বার এই বৈশ্বিক আসরে অংশ নিয়েছে। ১৯৭৮ এবং ২০১৮ সালে ষষ্ঠ স্থান অর্জন করাই ছিল এশিয়ান গেমসে বাংলাদেশের হকির সর্বোচ্চ সাফল্য। প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ম্যাচে আগামীকালই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
