ইতালিকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার আনন্দে আত্মহারা বসনিয়ার অধিনায়ক এরমেদিন দেমিরোভিচ এক অভিনব ঘোষণা দিয়েছেন। নিজের ক্লাব স্টুটগার্টের সমর্থকদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে তাদের বিয়ার খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার সেই প্রতিশ্রুতি রক্ষা করতে যাচ্ছেন তিনি।
জেন্নারো গাত্তুসোর ইতালিকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করা বসনিয়ার ফুটবল ইতিহাসের অন্যতম বড় মুহূর্ত। প্লে-অফের লড়াইয়ের আগে দেমিরোভিচ বলেছিলেন, বসনিয়া যদি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে তার ক্লাব ভিএফবি স্টুটগার্টের পরের ম্যাচে গোটা স্টেডিয়ামের পানীয়ের খরচ তার।
জার্মান ক্লাবটির ঘরের মাঠ এমএইচপি অ্যারেনার দর্শক ধারণ ক্ষমতা ৬০ হাজারের একটু বেশি। এই মাঠে এক পাইন্ট বিয়ারের দাম ৫ ইউরো। তাই এত দর্শকদের বিয়ার খাওয়াতে ৩ লাখ ইউরোর (প্রায় সাড়ে তিন লাখ মার্কিন ডলার) মতো খরচ হবে দেমিরোভিচের। ক্লাবের প্রতি তার ভালোবাসা এবং জাতীয় দলের সাফল্যে নিজের ক্লাব ভক্তদের সম্পৃক্ত করতেই এই সিদ্ধান্ত।
দেমিরোভিচ যখন কথাটি বলেছিলেন, অনেকেই সেটিকে মজা হিসেবেই নিয়েছিলেন। তবে ইতালিকে হারানোর পর স্কাই স্পোর্টস দেমিরোভিচকে জিজ্ঞেস করেন, প্রতিশ্রুতি কি রাখবেন? ২৮ বছর বয়সী ফরোয়ার্ড ঝটপট বলেন, ‘যা বলেছিলাম, অবশ্যই তা করব। আমি এক কথার মানুষ। পানীয়ের খরচ আমার। যদিও ব্যাপারটি সম্ভবত বেশ ব্যয়বহুল হবে। তবে এমন একটি অর্জনের পর ভালোবাসা নিয়ে আন্তরিকভাবেই করব। স্টুটগার্ট, ড্রিঙ্কস আর অন মি।’
আইপিএলে প্রথম বলেই উইকেট শিকার; মোহাম্মদ শামির অনন্য রেকর্ড
এশিয়ান গেমস হকি বাছাই: আমিরুল-আশরাফুলে বাংলাদেশের শুভসূচনা