জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিনদিন অনলাইনে ক্লাস নেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ। বৃহস্পতিবার (২এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধন সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি অদ্রি অংকুর, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইমরান হাসান শুভ। উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সেক্রেটারি আবরার হক বিন সাজেদ (ফাইজান অর্ক), সংগঠক আনিকা তাবাসসুম ফারাবী, সিয়াম মাহমুদসহ অন্যরা।
মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি অদ্রি অংকুর বলেন, জ্বালানি সংকটের কথা বলে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত আমরা যৌক্তিক মনে করি না। করোনাকালে আমরা দেখেছি, অনলাইন শিক্ষায় সব শিক্ষার্থী সমান সুযোগ পায় না। গ্রামের ও নিম্নবিত্ত শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই এই সিদ্ধান্ত শিক্ষার বৈষম্য আরও বাড়াবে। তিনি আরও বলেন, জ্বালানি সংকট সমাধানের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে হাত দেওয়া কোনো কার্যকর সমাধান নয়। বরং অন্য খাতে অপচয় কমিয়ে সংকট মোকাবেলা করা উচিত। আমরা দ্রুত এ সিদ্ধান্ত বাতিল করে শিক্ষাবান্ধব বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার দাবি জানাই।
মানববন্ধন সমাবেশে সংগঠনটির শিক্ষা ও গবেষণা সম্পাদক ইমরান হাসান শুভ আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কথা উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ব তেলের বাজারে অস্থিরতা চলছে। পত্রপত্রিকায় খবর আসছে, আমাদের হাতে মাত্র ১০ থেকে ১৪ দিনের জ্বালানি রয়েছে। অথচ জাতীয় সংসদে এই সংকট মোকাবেলার কোনো কৌশল নিয়ে আলোচনা হচ্ছে না। এর পরিবর্তে জনগণের সামনে মূলা ঝোলানোর মতো শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে নেওয়ার নাটক সাজানো হচ্ছে।
অনলাইনে ক্লাস নিলে বাস্তবে কতটুকু জ্বালানি সাশ্রয় হবে, তার কোনো সুস্পষ্ট হিসাব সরকার দিতে পারেনি উল্লেখ করে ইমরান হাসান আরও বলেন, দেশে অর্ধেকের বেশি শিক্ষার্থীর হাতে স্মার্টফোন বা ইন্টারনেট নেই। তাদের এই অনলাইন ক্লাসের দিকে ঠেলে দিলে আবারও লাখ লাখ শিক্ষার্থী শিক্ষাজীবন থেকে ঝরে পড়বে বলে তিনি মনে করেন।
