যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার আরেকটি মর্মান্তিক ঘটনায় নিউইয়র্ক সিটিতে সাত মাস বয়সী এক শিশু গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় পুলিশ জানায়, বুধবার (২ মার্চ) ব্রুকলিনের উইলিয়ামসবার্গ এলাকায় দিনের আলোতেই সংঘটিত এই হামলায় শিশুটি ছিল গ্যাং-সংক্রান্ত গোলাগুলির অনিচ্ছাকৃত শিকার। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, উল্টো পথে আসা একটি মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি হঠাৎ বন্দুক বের করে অন্তত দুই রাউন্ড গুলি ছোড়ে।
গুলির সময় সেখানে কয়েকজন প্রাপ্তবয়স্ক ও শিশু উপস্থিত ছিল। শিশুটির বাবা-মা দ্রুত পাশের একটি দোকানে আশ্রয় নেন, সেখানেই তারা বুঝতে পারেন তাদের সন্তানের মাথায় গুলি লেগেছে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, হামলার পর মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে যায়। সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হলেও চালক এখনও পলাতক এবং তাকে ধরতে অভিযান চলছে। এখনো পর্যন্ত এ ঘটনায় কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেন, 'যে জীবনের শুরুই ঠিকমতো হয়নি, তা মুহূর্তেই শেষ হয়ে গেল।' তিনি এ ঘটনাকে শহরে বন্দুক সহিংসতার ভয়াবহতার আরেকটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, 'একজন মা হিসেবে আমি এই পরিবারের যন্ত্রণা কল্পনাও করতে পারি না। এই ঘটনা ভাষায় প্রকাশের বাইরে।'
যুক্তরাষ্ট্রে চলমান বন্দুক সহিংসতার গভীর সংকটকে এ ঘটনা আবারও সামনে নিয়ে এসেছে, যেখানে নিরীহ মানুষ,এমনকি শিশু পর্যন্ত নিরাপদ নয়।
