ইতালির ফুটবলে পদত্যাগের হিড়িক: সরে দাঁড়ালেন গ্রাভিনা ও বুফন

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৯:২৬ এএম

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির ২০২৬ বিশ্বকাপ স্বপ্ন ভঙ্গের রেশ কাটতে না কাটতেই বড় ধরণের প্রশাসনিক ধস নামল দেশটির ফুটবলে। মঙ্গলবার রাতে প্লে-অফ ফাইনালে বসনিয়ার কাছে টাইব্রেকারে হারার পর আজ বৃহস্পতিবার রোমে ফেডারেশনের সদর দপ্তরে এক জরুরি বৈঠক শেষে পদত্যাগের ঘোষণা দেন ৭২ বছর বয়সী গ্রাভিনা।

গ্রাভিনার পদত্যাগের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের সরে দাঁড়ানোর কথা জানান ২০০৬ বিশ্বকাপজয়ী কিংবদন্তি জিয়নলুইজি বুফন। ৪৮ বছর বয়সী এই সাবেক গোলরক্ষক জাতীয় দলের ডেলিগেশন প্রধান হিসেবে কাজ করছিলেন। বুফন লিখেছেন, “ইতালিকে বিশ্বকাপে ফিরিয়ে আনাই ছিল আমাদের মূল লক্ষ্য। আমরা তাতে ব্যর্থ হয়েছি। দায়িত্ববোধ থেকেই আমি সরে দাঁড়াচ্ছি যেন নতুনরা তাঁদের পছন্দমতো লোক বেছে নিতে পারেন।”

ইতালির জন্য দুঃসংবাদ কেবল মাঠের পারফরম্যান্স বা পদত্যাগের মধ্যেই সীমাবদ্ধ নেই। উয়েফা সভাপতি আলেকসান্ডার সেফেরিন সতর্ক করে দিয়েছেন যে, স্টেডিয়াম ও অবকাঠামোর উন্নতি না করলে ২০৩২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ আয়োজকের মর্যাদা হারাতে পারে ইতালি। তুরস্কের সাথে যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলেও ইতালির জরাজীর্ণ স্টেডিয়াম নিয়ে অসন্তুষ্ট উয়েফা। সেফেরিন স্পষ্ট ভাষায় বলেছেন, “অবকাঠামো তৈরি না হলে ইতালিতে ইউরো হবে না।”

২০১৮ সালে সুইডেন এবং ২০২২ সালে উত্তর মেসিডোনিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল আজ্জুরিরা। এবার বসনিয়ার কাছে হেরে তারা গড়ল এক লজ্জার ইতিহাস—প্রথম বিশ্বচ্যাম্পিয়ন দেশ হিসেবে টানা তিনটি আসরে অনুপস্থিত থাকছে ইতালি।

২০১৮ সালে দায়িত্ব নেওয়া গ্রাভিনার অধীনে ইতালি ২০২১ সালে ইউরো জিতলেও বিশ্বকাপের খরা কাটাতে না পারার দায় শেষ পর্যন্ত তাঁর কাঁধেই এল। এখন দেখার বিষয়, নতুন নেতৃত্বের অধীনে ইতালীয় ফুটবল তাদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে পারে কি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত