পায়ের জাদু দেখানোর পর কার্ড দেখলেন নেইমার; হলেন নিষিদ্ধ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১১:২৭ এএম

ব্রাজিলিয়ান লিগের (ব্রাসিলেইরাও) দশম রাউন্ডে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল সান্তোস। হলুদ কার্ডের খাঁড়ায় নিষিদ্ধ হয়ে রিও ডি জেনিরোর এই হাইভোল্টেজ ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের প্রাণভোমরা নেইমার। রেমোর বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ের ম্যাচে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

ভিলা বেলমিরোতে গত বৃহস্পতিবার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে ব্যস্ত রাখা সান্তোস নেইমারের দুর্দান্ত এক অ্যাসিস্টে প্রথমার্ধেই লিড নেয়। ৩৯ মিনিটে বাম প্রান্ত থেকে বল নিয়ে ভেতরে ঢুকে পড়েন নেইমার। তার মাপা বাঁ-পায়ের পাস খুঁজে নেয় থাসিয়ানোকে, যিনি নিখুঁত শটে বল জালে জড়ান। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সান্তোস।

দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এবারও কারিগর সেই নেইমার। এসকোবারের কাছ থেকে বল পেয়ে আবার তাকেই ফেরত দেন ১০ নম্বর জার্সিধারী। এসকোবারের ক্রস থেকে বদলি খেলোয়াড় মোইসেস গোল করে ২-০ ব্যবধানে দলের জয় নিশ্চিত করেন। ৮৫ মিনিটে দিয়েগো হার্নান্দেজের এক কড়া ফাউলের শিকার হন নেইমার। পেইনকিলার নিয়ে খেলা নেইমার ব্যথায় কুঁকড়ে গিয়ে রেফারির কাছে প্রতিবাদ জানাতে গেলে উল্টো তাকেই হলুদ কার্ড দেখান রেফারি সাভিও পেরেইরা সাম্পাইও।

ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় রেফারির কড়া সমালোচনা করেন নেইমার। তিনি বলেন, “এটি অন্যায়। ম্যাচের শেষে অকারণে আমাকে ফাউল করা হয়েছে। আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম আর আমাকেই কার্ড দেখানো হলো। সাভিও (রেফারি) সবসময় এমনটাই করেন। তিনি নিজে খেলার নায়ক হতে চান। খেলোয়াড়দের প্রতি তিনি খুবই অসম্মানজনক আচরণ করেন, কোনো কথা শুনতে চান না। তার নিয়ন্ত্রণ শেখা উচিত।”

নেইমার ছাড়াও সান্তোস কোচ কুকা এই ম্যাচে পাবেন না আরেক ফরোয়ার্ড রনিকে। তিনিও কার্ডের কারণে নিষিদ্ধ। এছাড়া আগে থেকেই ইনজুরি আক্রান্ত ভিনিসিউস লিরা, মাইকে এবং গ্যাব্রিয়েল মেনিনোও থাকছেন না দলে। লিরার হাঁটুতে গুরুতর চোট থাকায় এই মৌসুমে তার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তবে সান্তোসের জন্য স্বস্তির খবর হলো, কাফ ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন স্ট্রাইকার গ্যাব্রিয়েল বারবোসা।

রেমোকে হারানোর পর ১০ পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান লিগের ১২তম স্থানে উঠে এসেছে সান্তোস। টানা দুই ম্যাচে কোনো গোল হজম না করা তাদের রক্ষণভাগের জন্য বড় প্রাপ্তি। তবে নেইমারকে ছাড়া ফ্ল্যামেঙ্গোর মতো শক্তিশালী দলের বিপক্ষে সান্তোস কেমন করে, সেটিই এখন দেখার বিষয়।

আগামী রবিবার রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত