বুধবার লক্ষ্ণৌতে দিল্লির কাছে হারের পর মাঠেই অধিনায়ক রিশাভ পান্তের সঙ্গে বেশ উত্তেজিত ভঙ্গিতে কথা বলতে দেখা যায় লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে। এর আগে ২০২৪ সালেও তৎকালীন অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে একই ধরণের আচরণ করে সমালোচিত হয়েছিলেন তিনি। পান্তের সাথে সেই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর এবার বিসিসিআইকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদি।
সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের একটি পোস্টের জবাবে ললিত মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) লেখেন, “আমি আগেই বলেছিলাম এই লোকটা (সঞ্জীব গোয়েঙ্কা) একজন চূড়ান্ত ব্যর্থ এবং জোকার। তার আচরণে আমি লজ্জিত। আমি ভক্ত এবং খেলোয়াড়দের জন্য আইপিএল তৈরি করেছিলাম, প্রতি বছর এমন ঘটনা দেখার জন্য নয়। আমি যদি এখনও চেয়ারম্যান থাকতাম, তবে তাকে এখনই নিষিদ্ধ করতাম এবং তার মালিকানা কেড়ে নিতাম।”
তিনি আরও যোগ করেন, ফ্র্যাঞ্চাইজি চুক্তিতে এমন আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার স্পষ্ট ধারা রয়েছে এবং বিসিসিআইয়ের উচিত সেটি প্রয়োগ করা। ঘটনাটি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মাইকেল ভনও। তিনি লিখেছেন, “টুর্নামেন্টের মাত্র একটি ম্যাচ গেল... এর কোনো প্রয়োজন ছিল না।” মূলত টুর্নামেন্টের শুরুতেই অধিনায়কের সাথে মালিকের এমন প্রকাশ্যে সমালোচনাকে ক্রিকেটীয় শিষ্টাচারের পরিপন্থী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিতর্ক তুঙ্গে উঠলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাদের ভেরিফায়েড পেজ থেকে ভিডিওটির অন্য একটি দিক শেয়ার করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। সেখানে বলা হয়েছে, “আপনারা যা দেখছেন তার সবটুকু সত্য নয়। ক্যামেরার আড়ালে আমাদের অকৃত্রিম মুহূর্তগুলো এখানে দেখুন।” এমনকি সঞ্জীব গোয়েঙ্কা নিজেও একটি পোস্টে পান্তের প্রতি পূর্ণ আস্থা জানিয়ে লিখেছেন, “দীর্ঘ এই মৌসুমে এমন মুহূর্ত আসতেই পারে। আমি নিশ্চিত আমাদের অধিনায়ক ও দল শক্তভাবে ঘুরে দাঁড়াবে।”
তবে মালিকপক্ষের এই সাফাইয়ে চিড়ে ভিজছে না। মাঠের মধ্যে অধিনায়কের ওপর এমন মানসিক চাপ সৃষ্টির ঘটনাটি আইপিএলের গরিমা নষ্ট করছে বলেই মনে করছেন ললিত মোদির মতো সমালোচকরা।
রোনালদোর ১৫ বছরের ছেলের সঙ্গে ২৭ বছরের ব্রাজিলিয়ান তরুণীর প্রেমের গুঞ্জন কতটা সত্যি?
ব্ল্যাক স্টার্সদের দায়িত্ব নিয়ে বিশ্বকাপে ফিরছেন জার্মান বিশ্বজয়ী কোচ?