ধর্ষণে অভিযুক্ত ফুটবলারকে সমর্থন; টটেনহ্যামে এসেই ক্ষমা চাইলেন ডি জারবি

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১২:১৯ পিএম

টটেনহ্যাম হটস্পারের ডাগআউটে নতুন কোচ হিসেবে পা রেখেই ক্ষমা চাইলেন রবার্তো ডি জারবি। মাঠের লড়াই শুরুর আগেই তাকে মাঠের বাইরের বিতর্ক সামলাতে হচ্ছে। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার ম্যাসন গ্রিনউডের বিতর্কিত অতীতকে সমর্থন করে দেওয়া পুরনো এক মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। ইতালীয় এই কোচ স্পষ্ট করেছেন যে, কোনোভাবেই তিনি নারীবিদ্বেষী বা সহিংসতাকে সমর্থন করেন না।

মার্শেইর কোচ থাকাকালীন ডি জারবি গ্রিনউডকে ‘ভালো ছেলে’ হিসেবে অভিহিত করেছিলেন এবং বলেছিলেন যে গ্রিনউড তার কৃতকর্মের জন্য ‘চড়া মূল্য’ দিয়েছেন। গ্রিনউডের বিরুদ্ধে ২০২২ সালে ধর্ষণ ও লাঞ্ছনার অভিযোগ উঠেছিল, যা পরবর্তীতে ২০২৩ সালে প্রত্যাহার করা হয়। ডি জারবির এই পুরনো মন্তব্য স্পার্স ভক্তদের একটি বড় অংশ, বিশেষ করে নারী সমর্থকদের সংগঠন ‘উইমেন অফ দ্য লেন’ মেনে নিতে পারেনি। তারা এই নিয়োগের তীব্র বিরোধিতা করেছিল।

সাক্ষাৎকারে ডি জারবি ইতালীয় ভাষায় নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, “আমি কখনও নারী নির্যাতন বা যেকোনো ধরনের সহিংসতাকে ছোট করে দেখতে চাইনি। যারা আমাকে চেনেন তারা জানেন আমি জেতার জন্য নিজের আদর্শের সাথে আপস করি না। আমার নিজেরও এক মেয়ে আছে, তাই আমি এই বিষয়গুলোতে অত্যন্ত সংবেদনশীল। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত।”

ইগর টিউডরের স্থলাভিষিক্ত হওয়া ডি জারবি এমন এক সময়ে দায়িত্ব নিলেন যখন টটেনহ্যাম রেলিগেশন বা অবনমন অঞ্চলের আশঙ্কায় কাঁপছে। টানা ১৩ ম্যাচে জয়হীন স্পার্স বর্তমানে পয়েন্ট টেবিলের ১৮তম স্থানে থাকা ওয়েস্ট হ্যামের চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে। আগামী সপ্তাহে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ডি জারবির ‘অগ্নিপরীক্ষা’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত