পুলিশ খুঁজে পায় না অথচ জামিন পেলেন জোড়া খুনের ২ আসামি

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পিএম

‘সন্ত্রাসী’ খ্যাত মোবারক হোসেন ইমন ও বোরহান উদ্দিন।  এদের একেক জনের নামে একাধিক হত্যা মামলা রয়েছে। তাদেরকে ধরতে চট্টগ্রামের পুলিশের ঘুম হারাম। শত  ‘চেষ্টা’ করেও তাদের ধরতে পাচ্ছে না পুলিশ। অথচ দুর্ধর্ষ ওই দুই আসামি পুলিশের চোখ ফাঁকি দিয়ে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পেয়েছেন বলে জানা গেছে। গত ১ ফেব্রুয়ারি তাদের জামিন দেওয়া হয়।

পুলিশ জানায়, দুজনের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার জোড়া খুন, চাঁদাবাজি, অস্ত্রবাজীসহ অন্তত একডজন করে মামলা আছে। মোবারক হোসেন ইমন ও বোরহান উদ্দিন বিদেশে পলাতক ‘সন্ত্রাসী’ বড় সাজ্জাদের অনুসারী।

জোড়া খুনের মামলার এই দুই আসামিকে পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজলেও তাদের চোখ ফাঁকি দিয়ে তারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। গত ২৯ মার্চ জামিনের আদেশ বাকলিয়া থানায় আসার পর বিষয়টি জানাজানি হয়। এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ২০২৫ সালের ৩০ মার্চ রাতে বাকলিয়া এক্সেস রোড এলাকায় জোড়া খুনের ঘটনা ঘটে। এদিন সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে প্রাইভেট কারে থাকা বখতিয়ার হোসেন (৩০) ও মো. আবদুল্লাহকে (৩২) হত্যা করেন। ঘটনার পরদিন ৩১ মার্চ বাকলিয়া থানায় মামলা হয়। ওই মামলায় মোবারক হোসেন ইমন ও বোরহান উদ্দিন এজাহারভুক্ত আসামি। এছাড়া দুজনের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি, চাঁদা না পেয়ে গুলি, প্রকাশ্যে গুলি করে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এর মধ্যে ইমনের বিরুদ্ধে হত্যাসহ সাতটি এবং বোরহানের বিরুদ্ধে হত্যাসহ আটটি মামলা রয়েছে।

তবে পুলিশ বলছে, চট্টগ্রামের আদালত থেকে তারা যেন জামিন না পায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিষয়টি রাষ্ট্রপক্ষকে জানানো হয়েছে।

চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের ( সিএসমি) উপ-কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভুঁইয়া বলেন, আমরা তাদের গ্রেপ্তারে সবরকম চেষ্টা করেছি। তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এরপরও তারা জামিন পেয়েছেন। তবে জামিন শেষে তাদের আত্মসমর্পণ করতে হবে। আমরা চেষ্টা করব তারা যেন চট্টগ্রামের আদালত থেকে জামিন না পায়।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভুঁইয়া জানান, ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষে তাদের চট্টগ্রামের দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে হবে। সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত