সংগঠনটির কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক এবং ঘোষপুর ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান এস এম ফারুক হোসেনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভীমপুর বাজারসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজ বৃহস্পতিবার তাকে ফরিদপুরের সংশ্লিষ্ট বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
পুলিশি সূত্রে জানা যায়, সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে জোড়া হত্যা, সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনসহ সর্বমোট ৬টি মামলা রয়েছে। ২০২৫ সালে বোয়ালমারী থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। তাছাড়া, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে নিকটবর্তী আলফাডাঙ্গা থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলারও তিনি এজাহারভুক্ত আসামি।
গ্রেপ্তারকৃত এস এম ফারুক হোসেন ঘোষপুর ইউনিয়নের পূবিলা গ্রামের মইনুদ্দিনের ছেলে। তিনি ইতিপূর্বে দুই মেয়াদে ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, একাধিক অপকর্মের নেপথ্যের নায়ক হিসেবে পরিচিত সাবেক চেয়ারম্যান এস এম ফারুক হোসেনকে বুধবার রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ ৬টি মামলা ঝুলছে। বৃহস্পতিবারই তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে হাজির করা হবে।
শীর্ষ সন্ত্রাসী বুইশ্যারের আরও ৭ সহযোগী গ্রেপ্তার