আঙুলের দাগ মুছার আগেই কাজ শুরু করেছে সরকার: ত্রাণমন্ত্রী

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম

আঙুলের দাগ মুছে যাওয়ার আগেই সরকার কাজ শুরু করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, সরকার গঠনের পরপরই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ​ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু, ইমামদের ভাতা প্রদান, কৃষক কার্ড বিতরণ এবং কৃষি ঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করেন।

​শনিবার (৩ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সদরের ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধনকালে​ ত্রাণমন্ত্রী এ কথা বলেন।

​আসাদুল হাবিব দুলু বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই জনগণের উন্নয়ন কর্মকাণ্ডে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে।

​বৈশ্বিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে কিছুটা চাপ তৈরি হয়েছে এবং জ্বালানি সংকটও দেখা দিয়েছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে।

​উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক একেএম মমিনুল হক, জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত