দেশে সংস্কৃতি জাগিয়ে তুললে মাদক ও কিশোর গ্যাং দূর হবে হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
শনিবার (৩ এপ্রিল) সকালে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী ২০২৬ উদযাপন এবং এ বিভাগে সংস্কৃতির বিকাশে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতি জাগিয়ে তুলতে হবে। তার জন্য দেশের স্কুল- কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত সাংস্কৃতি চর্চা করতে হবে। ঐতিহ্যগতভাবে আমাদের যে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আছে তা যদি জাগিয়ে তোলা যায় তবেই দেশ থেকে মাদক ও কিশোর গ্যাং দূর হবে।
তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জানতে হলে ত্রিশালে আসতে হবে। এবার সরকারিভাবে ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখরুদ্দীন বাচ্চু, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক কামরুল হাসান প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদউল্লাহ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাহাঙ্গীর আলমসহ ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
