উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হয়ে যেত এশিয়ান গেমসের টিকিটসহ সেমিফাইনালের জায়গা। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। যাদেরকে গত গেমসের মূলপর্বে ৪-২ গোলে হারিয়েছিল, সেই মধ্য এশিয়ার দলটির সাথে এবার ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
রয়্যাল থাই এয়ার ফোর্স হকি মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। খেলার মাত্র ৬ষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে উজবেকিস্তানকে লিড এনে দেন মিরনশোখ ওর্তিকবোয়েভ। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে আশিকুজ্জামানের শিষ্যরা। তবে ফিনিশিংয়ের অভাবে গোল আসছিল না। অবশেষে ম্যাচের শেষ কোয়ার্টারে, ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে সমতা ফেরান আমিরুল ইসলাম। ম্যাচে বাংলাদেশ ৬টি পেনাল্টি কর্নার পেলেও তার একটি থেকেও গোল আদায় করতে পারেনি, যা মূলত জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়।
বাছাইপর্বের ৩ ম্যাচ শেষে বাংলাদেশ ও উজবেকিস্তান উভয়েরই সংগ্রহ ৪ পয়েন্ট (১ জয়, ১ হার ও ১ ড্র)। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় 'বি' গ্রুপ থেকে সেমিফাইনালের টিকিট কেটেছে উজবেকরা।
সেমিফাইনালে উঠতে না পারলেও বাংলাদেশের এশিয়ান গেমসে খেলার স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি। ৯ দলের এই বাছাইপর্ব থেকে শীর্ষ ৬টি দল মূল পর্বে যাওয়ার সুযোগ পাবে। ফলে এখন পঞ্চম বা ষষ্ঠ হওয়ার লড়াইয়ে জিতেও জাপানে অনুষ্ঠিতব্য আগামী এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করতে পারবে বাংলাদেশ।
বাংলাদেশ এ পর্যন্ত ১১ বার এশিয়ান গেমসে অংশ নিয়েছে, যার মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই ছিল দলটির সেরা সাফল্য। গতবারের গেমসেও বাংলাদেশ অষ্টম হয়েছিল।
লেস্টারের ম্যাচ আজ, হামজা কি খেলবেন