খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকতে প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে সাকিব কি ভাবছেন

'রাজনীতি তো ধরেন আমৃত্যু করা যায়, রাজনীতিতে অনেক সময় আছে। যেটার সময় নেই সেটা হলো ক্রিকেট। আগে সেটা ঠিক করার চেষ্টা করছি', সাকিব আল হাসান

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পিএম

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসান দীর্ঘ দুই বছর ধরে দেশের বাইরে। বর্তমানে দলটির কার্যক্রম না থাকায় রাজনীতিতে সক্রিয় নন তিনি। তবে সময় সুযোগ হলে আবারও রাজনীতির ময়দানে ফেরার প্রকাশ্য ইচ্ছা পোষণ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দেশের একটি ইংরেজি দৈনিকের সাথে আলাপকালে ক্রিকেট, রাজনীতি এবং দেশ ফেরা নিয়ে নিজের ভাবনার কথা খোলামেলা জানিয়েছেন সাকিব।

রাজনীতি ও ক্রিকেটের তুলনা করতে গিয়ে সাকিব বলেন, "রাজনীতি তো ধরেন আমৃত্যু করা যায়, রাজনীতিতে অনেক সময় আছে। যেটার সময় নেই সেটা হলো ক্রিকেট। আগে সেটা ঠিক করার চেষ্টা করছি।" তিনি আরও যোগ করেন, রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম যেখান থেকে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। মানুষের জন্য কিছু করার সেই আশা ও ইচ্ছা তার এখনও আছে।

বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম না থাকা প্রসঙ্গে তিনি বলেন, "যেহেতু আমাদের দলের (আওয়ামী লীগ) কার্যক্রম নাই সেহেতু চেষ্টা করছি ক্রিকেটটা খেলে যাওয়ার। দলের কার্যক্রম যখন শুরু হবে বা আমরা করতে পারব, তখন হয়ত আবার চেষ্টা করব রাজনীতিটা করার।"

জুলাই অভ্যুত্থানে প্রাণহানি নিয়ে সাকিব দুঃখ প্রকাশ করে বলেন, "কোন মৃত্যুই কাম্য নয়, প্রতিটা মৃত্যুই বেদনাদায়ক। প্রতিটি জীবনই অমূল্য। আমি চাই প্রতিটা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়ে বিচার নিশ্চিত করা হোক।" তবে কাউকে যেন অন্যায়ভাবে ফাঁসানো না হয়, সে বিষয়েও তিনি সতর্ক করেন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাকিব বলেন, "কাউকে দূরে সরিয়ে রেখে স্বস্তি ফিরে আসবে বলে আমি মনে করি না। আর গণতান্ত্রিক ধারাতেও এটা হয় না। আমি আশা করছি ভবিষ্যতে একটি স্বাভাবিক অবস্থা ফিরে আসবে যেখানে সব দল সমান সুযোগ পাবে এবং জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে চায়।"

পেশাদার খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রীর আহ্বান প্রসঙ্গে সাকিব বলেন, "প্রধানমন্ত্রী উনার জায়গা থেকে যেটা ভালো মনে হয়েছে বলেছেন। এটা ওনার ব্যক্তিগত মতামত এবং আমি সেটিকে সম্মান করি। তবে প্রতিটি নাগরিকের এই ব্যাপারে নিজস্ব মতামত আছে।"

নিজের বিরুদ্ধে হওয়া মামলাগুলোকে ভিত্তিহীন দাবি করে সাকিব বলেন, "কেবল আপনি আক্রান্ত হয়েছিলেন বলে আমাকেও আক্রান্ত করবেন—জিনিসটা আমার কাছে ভালো মনে হয় না। আগের কেউ সাফার করেছেন বলে এখন অন্যদেরও সাফার করাতে হবে—এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।"

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত