ট্রাম্পকে নতুন যে প্রস্তাব দিতে যাচ্ছে ইরান!

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৬ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ‘আল্টিমেটাম’ এবং হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকিকে ‘যুদ্ধাপরাধের শামিল’ বলে অভিহিত করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য নিশ্চিত করেন। ইসমাইল বাঘাই আরো জানান ইরান-ইসরায়েল-মার্কিন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের দেওয়া প্রস্তাবের বিপরীতে নিজেদের একটি পাল্টা খসড়া জবাব তৈরি করেছে তেহরান। রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে পাকিস্তান এই সংঘাত নিরসনে মুখ্য ভূমিকা পালন করছে বলে দাবি করার পর ইরানের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এলো।

ইসমাইল বাঘাই জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র যে ১৫ দফার একটি শান্তি পরিকল্পনা পাঠিয়েছিল, তা ইরানের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে বাঘাই স্পষ্ট করে বলেন, কোনো ধরনের হুমকি বা আল্টিমেটাম দিয়ে আলোচনার পরিবেশ তৈরি করা সম্ভব নয়। ইরান শুধু মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যানই করেনি, বরং নিজেদের জাতীয় স্বার্থ ও কৌশলগত বিবেচনার ভিত্তিতে নিজস্ব একগুচ্ছ দাবি সংবলিত একটি খসড়া তৈরি করেছে।

মুখপাত্রের মতে, ইরান শুরু থেকেই জানত তারা ঠিক কী চায় এবং তাদের ‘রেড লাইন’ বা সীমারেখাগুলো কোনগুলো। তিনি বলেন, আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আলোচনার বিষয়টি সামনে আসার মুহূর্ত থেকেই আমাদের উত্তর তৈরি ছিল। ইরান বর্তমানে তাদের এই নিজস্ব প্রস্তাবের বিস্তারিত পর্যালোচনার কাজ শেষ করছে এবং যথা সময়ে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে জানানো হয়েছে। তেহরানের এই অনমনীয় অবস্থান থেকে বোঝা যাচ্ছে, তারা শুধু চাপে পড়ে কোনো চুক্তিতে সই করবে না, বরং নিজেদের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষা করেই শান্তি আলোচনায় অংশ নিতে চায়। পাকিস্তানের মধ্যস্থতায় চলমান এই কূটনৈতিক তৎপরতা শেষ পর্যন্ত কোনো সফল পরিণতিতে পৌঁছায় কি না, এখন সেটিই দেখার বিষয়। তবে ইরানের এই পাল্টা জবাব মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনের প্রক্রিয়ায় একটি নতুন মাত্রা যোগ করল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত