ইরাকে অপহৃত মার্কিন সাংবাদিক শেলি কিটলসন অবশেষে মুক্তি পেয়েছেন। বুধবার (৮ মার্চ) ভোরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন এবং তার নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার কথা জানান।
গত ৩১ মার্চ বাগদাদের রাস্তা থেকে ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়া কাতাইব হিজবুল্লাহ ৪৯ বছর বয়সী এই ফ্রিল্যান্স সাংবাদিককে অপহরণ করে। মুক্তির আগে মিলিশিয়াটি শর্ত দেয়, ছাড়া পাওয়ার পরপরই তাকে ইরাক ছেড়ে যেতে হবে। বিনিময়ে ইরাকি কর্তৃপক্ষের হাতে আটক কাতাইব হিজবুল্লাহর বেশ কয়েকজন সদস্যকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রুবিও এই মুক্তির ঘটনায় ইরাকি কর্তৃপক্ষ, এফবিআই এবং মার্কিন প্রতিরক্ষা বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন। কিটলসন দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে, বিশেষত ইরাক ও সিরিয়ায় সাংবাদিকতা করে আসছিলেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, অপহরণের আগে তাকে একাধিকবার বিপদের বিষয়ে সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি ইরাক ছেড়ে যেতে রাজি হননি।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালেও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষক এলিজাবেথ সুরকভকে বাগদাদ থেকে অপহরণ করেছিল কাতাইব হিজবুল্লাহ। ২০২৫ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়ে তিনি জানান, ওই সময়টা তাকে এই মিলিশিয়ার হাতেই বন্দি থাকতে হয়েছিল।
