চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের চ্যাম্পিয়নদের বিপক্ষে রীতিমতো খেই হারিয়ে ফেলল লিভারপুল। পার্ক দে প্রিন্সেসে বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের লড়াইয়ে আরনে স্লটের দলকে ২-০ ব্যবধানে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দেশিরে দুয়ে এবং ফিচা কাভারাৎসখেলিয়ার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে ফরাসি ক্লাবটি। গত শনিবার এফএ কাপে ম্যানচেস্টার সিটির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার খেসারত দিতে হয়েছে মোহাম্মদ সালাহকে। স্লট তাঁকে শুরুর একাদশ থেকে বাদ দিয়ে চমক দিলেও কৌশলে এনরিকের কাছে মার খেয়েছেন তিনি। প্রথমার্ধেই লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পিএসজি। স্বাগতিকদের আক্রমণের তোড়ে লিভারপুল রক্ষণভাগ ছিল দিশেহারা। ব্যবধানটা আরও বড় হতে পারত, যদি পিএসজি ফরোয়ার্ডরা সুযোগগুলো কাজে লাগাতে পারতেন।
লিভারপুলের জন্য এই হার কেবল একটি ম্যাচ হার নয়, বরং কোচ আরনে স্লটের জন্য বড় এক অগ্নিপরীক্ষা। গত বছর লিভারপুলকে প্রিমিয়ার লিগ জেতালেও সাম্প্রতিক সময়ে টানা তিন লিগ ম্যাচে জয়হীন থাকা এবং কাপ টুর্নামেন্টগুলো থেকে বিদায় নেওয়ায় স্লটের ওপর চাপ বাড়ছে। এমনকি কিংবদন্তি জেমি ক্যারাঘারও মন্তব্য করেছেন, আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে না পারলে স্লটের বিদায় ঘণ্টা বেজে যেতে পারে।
অবশ্য লিভারপুলের জন্য আশার আলো হয়ে এসেছে উয়েফার নতুন নিয়ম। ইংল্যান্ডের কো-অফিসিয়েন্ট পয়েন্ট বেশি হওয়ায় আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে সরাসরি পাঁচটি দল চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে পারবে। বর্তমানে লিগ টেবিলে পঞ্চম স্থানে থাকা লিভারপুলের জন্য এটি বড় সুযোগ। তবে স্লট যদি নিজের চেয়ার টিকিয়ে রাখতে চান, তবে তাঁর সামনে এখন মহাদেশীয় এই শিরোপা জেতার কোনো বিকল্প নেই।
ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে পিএসজির অপরাজেয় যাত্রা এখন সাত ম্যাচে (৫ জয়, ২ ড্র) গিয়ে ঠেকল। আগামী মঙ্গলবার অ্যানফিল্ডে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ লিভারপুলের সামনে। ঘরের মাঠে অন্তত ৩-০ ব্যবধানে জিততে না পারলে সেমিফাইনালের আগেই বিদায় নিতে হবে অল রেডসদের।
আপিল করে হেরে গেল হামজার লেস্টার সিটি
১০ জনের বার্সাকে হারিয়ে সেমির পথে আতলেতিকো