পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’ ছবিটি মুক্তির আগেই বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। শুরুতে ছবিটিতে তার জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়। শিশু নির্যাতনের অভিযোগ দেখানোর পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেই অংশ পুরোপুরি বাদ দেওয়া হয়েছে।
ছবিটির প্রাথমিক চিত্রনাট্যে দেখা গিয়েছিল, ১৯৯৩ সালের একটি দৃশ্যে পুলিশের গাড়ির আলোয় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখছেন মাইকেল জ্যাকসন। সেই সময় তার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের প্রভাব তুলে ধরার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত এই দৃশ্যসহ এমন সব অংশ বাদ দেওয়া হয়েছে।
জানা গেছে, জ্যাকসন এস্টেটের আইনজীবীরা পূর্বের একটি আইনি চুক্তির শর্ত খতিয়ে দেখে বুঝতে পারেন, অভিযোগকারী জর্ডান চ্যান্ডলারের নাম বা প্রসঙ্গ কোনো সিনেমায় ব্যবহার করা যাবে না। এর পরই নির্মাতারা ছবির গল্পে বড় পরিবর্তন আনতে বাধ্য হন।
এই পরিবর্তনের ফলে ছবির শেষ অংশ পুরোপুরি নতুনভাবে নির্মাণ করা হয়েছে। আগের পরিকল্পনায় যেখানে বিতর্ককে কেন্দ্র করে গল্প শেষ হওয়ার কথা ছিল, সেখানে এখন ছবিটি শেষ হবে মাইকেলের জনপ্রিয়তার শীর্ষ সময়ে তার ‘ব্যাড’ ট্যুরের এক পারফরম্যান্স দিয়ে। নতুনভাবে দৃশ্যধারণের জন্য আবার শুটিং করতে হয়েছে প্রায় ২২ দিন। এতে ছবির বাজেট প্রায় ১০ থেকে ১৫ মিলিয়ন ডলার পর্যন্ত বেড়ে যায়। পুরো ছবির বাজেট ধরা হয়েছিল প্রায় ১৫৫ মিলিয়ন ডলার। অতিরিক্ত খরচ বহন করেছে জ্যাকসন এস্টেটই।
ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। তার বাবা জো জ্যাকসনের চরিত্রে দেখা যাবে কোলম্যান ডোমিংগোকে। ছবিতে মাইকেলের ব্যক্তিগত জীবনের বিতর্কের চেয়ে তার সংগীতজীবন, পরিবার এবং বাবার সঙ্গে সম্পর্ককে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীর সাক্ষাৎ, শ্রমবাজার খোলার সম্মতি
মাদারীপুর মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ, মামলার প্রস্তুতি
চলে গেলেন প্রখ্যাত চিত্রশিল্পী তরুণ ঘোষ
প্রেম নিয়ে মুখ খুললেন জাহৃবী