রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ বার্সা, উয়েফার কাছে নালিশ

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১০:২০ এএম

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে হারের ক্ষত এখনো দগদগে। এর মধ্যেই নতুন বিতর্ক যোগ হলো মাঠের বাইরের লড়াইয়ে। আতলেতিকোর বিপক্ষে ম্যাচে ‘ভিএআরের গুরুতর অবহেলা’র অভিযোগ তুলে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফার কাছে আনুষ্ঠানিক নালিশ জানিয়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির দাবি, রেফারির ভুল সিদ্ধান্তের কারণে ম্যাচের ফলাফল সরাসরি প্রভাবিত হয়েছে।

ন্যু ক্যাম্পে গত বুধবারের সেই ম্যাচে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। ম্যাচের ৪৪ মিনিটে পাউ কুবারসি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। তবে বার্সেলোনার অভিযোগ মূলত ম্যাচের ৫৪ মিনিটের একটি ঘটনা নিয়ে। তখন ম্যাচে ১-০ গোলে পিছিয়ে ছিল হানসি ফ্লিকের দল। আতলেতিকো গোলরক্ষক হুয়ান মুসো গোলকিক নেওয়ার পর তাদের ডিফেন্ডার মার্ক পুবিল ডি-বক্সের ভেতর বলটি হাত দিয়ে থামান।

বার্সেলোনার খেলোয়াড়েরা পেনাল্টির জোরালো আবেদন জানালেও রেফারি ইস্তভান কোভাকস তাতে সাড়া দেননি। এমনকি ভিএআর থেকেও কোনো হস্তক্ষেপ করা হয়নি। নিয়ম অনুযায়ী, পুবিল আগেই একটি হলুদ কার্ড পাওয়ায় এটি পেনাল্টির পাশাপাশি তাঁর দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, “ক্লাব মনে করে রেফারির সিদ্ধান্ত বর্তমান আইনের সঙ্গে সংগতিপূর্ণ ছিল না, যা সরাসরি খেলার গতিপথ ও ফলাফলকে প্রভাবিত করেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত, রেফারির কথোপকথনের রেকর্ড এবং ভুল স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

ম্যাচ শেষে বার্সা কোচ হানসি ফ্লিকও ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, “আজ ভিএআর কেবল আতলেতিকোর জন্যই কাজ করেছে। গোলরক্ষক খেলা শুরু করার পর একজন ডিফেন্ডার হাত দিয়ে বল থামিয়ে আবার খেলা শুরু করবে—এটা পরিষ্কার পেনাল্টি এবং লাল কার্ডের বিষয়। আমি জানি না কেন সেখানে হস্তক্ষেপ করা হলো না।”

প্রথমার্ধে জুলিয়ান আলভারেজের ফ্রি-কিক ও ৭০ মিনিটে আলেকজান্ডার সরলথের গোলে ২০০৬ সালের পর ন্যু ক্যাম্পে প্রথম জয়ের স্বাদ পায় আতলেতিকো। তবে উয়েফার কাছে বার্সার এই অভিযোগের পর মাঠের হার এখন টেবিলের লড়াইয়ে গড়িয়েছে। এখন দেখার বিষয়, উয়েফা বার্সার এই দাবির প্রেক্ষিতে কী ব্যবস্থা নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত