নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে বাবরদের রেকর্ড জয়

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০২:৪২ এএম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল হাতে আগুন ঝরালেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। তাঁর বিধ্বংসী স্পেলে করাচি কিংসকে ১৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পেশোয়ার জালমি। রানের ব্যবধানে এটিই পিএসএল ইতিহাসের সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে পেশোয়ার জালমি শুরুতেই উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে রেকর্ড জুটি গড়েন কুশল মেন্ডিস ও অধিনায়ক বাবর আজম। কুশল মাত্র ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত ১০৯ রানে আউট হন। অন্যদিকে বাবর আজম ৫১ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪৬ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় পেশোয়ার।

২৪৭ রানের বিশাল লক্ষ্য তাড়াক করতে নেমে শুরু থেকেই দিশেহারা হয়ে পড়ে করাচি কিংস। অভিষেক ম্যাচে কিছুটা খরুচে থাকলেও আজ নিজের জাত চিনিয়েছেন নাহিদ রানা। দ্রুতগতির বাউন্সার আর নিখুঁত লাইন-লেংথে করাচির মিডল অর্ডার ধসিয়ে দেন তিনি।

নিজের তৃতীয় ওভারে নাহিদ রানা কোনো রান না দিয়েই তুলে নেন খুশদিল শাহ ও অ্যাডাম জাম্পার উইকেট। এছাড়া তাঁর শিকার হন সাদ বেগ। নাহিদের এই তোপে ১৬.১ ওভারে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় করাচি।

নাহিদ রানার দিনে বল হাতে সফল ছিলেন আরেক বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। তিনি ৩ ওভারে ২৩ রান দিয়ে শিকার করেন করাচির অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট। এছাড়া স্পিনার ইফতিখার আহমেদ ও সুফিয়ান মুকিমও দুর্দান্ত বোলিং করেছেন।

এই জয়ের ফলে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত