পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রধান সামাজিক উৎসব বৈসাবিকে ঘিরে খাগড়াছড়িতে শুরু হয়েছে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘সাংগ্রাই’ এর নানান আয়োজন।শুক্রবার (১০ এপ্রিল) সকালে ‘সম্প্রীতির বন্ধন, ঐতিহ্যের গান, সাংগ্রাই হোক মিলনের প্রাণ’ এই প্রতিপাদ্যে সদরের পানখাইয়াপাড়া বটতলায় ঐতিহ্যবাহী ‘দঃ’ ও ‘আলারী’ খেলার মধ্যে দিয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.আনোয়ার সাদাত।
মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুব কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ‘দঃ’ খেলা, গিলা খেলা, আলারীসহ বিভিন্ন লোকজ খেলায় অংশ নেয় তরুণ-তরুণীরা। পাশাপাশি পানি খেলা ও সাংস্কৃতিক পরিবেশনা ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।
উদ্বোধনী পর্বে মারমা তরুণীদের পরিবেশিত বর্ণিল নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে অতিথি ও দর্শনার্থীদের। ঐতিহ্যবাহী পোশাক, সুর ও ছন্দে ফুটে ওঠে মারমা জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির সৌন্দর্য।
মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান।
এদিকে পাহাড়ি জনগোষ্ঠীর সার্বজনীন উৎসব বৈসাবিকে ঘিরে খাগড়াছড়ি জুড়ে বইছে উৎসবের আমেজ। আগামী ১২ এপ্রিল চাকমাদের ফুল বিজুর মধ্য দিয়ে শুরু হবে বৈসাবির আনুষ্ঠানিকতা। একই দিনে ত্রিপুরাদের বৈসু ও বাংলা নববর্ষের দিন থেকে শুরু হবে মারমাদের তিনদিনব্যাপী সাংগ্রাই উৎসব।