পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত শুরুর পর দুঃসংবাদ পেলেন বাংলাদেশের তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। কাঁধের চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি। লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতানো এই বাঁহাতি ব্যাটার আজ রাতেই পাকিস্তানের লাহোর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
এবারের পিএসএলে মোট ছয়জন বাংলাদেশি ক্রিকেটার অংশ নিলেও ইমনের জন্য বিসিবির অনাপত্তিপত্র ছিল সবচেয়ে দীর্ঘমেয়াদী—২৫ এপ্রিল পর্যন্ত। তবে চোট সব হিসাব বদলে দিল। লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় আসিফ আলীর সঙ্গে এক সংঘর্ষে কাঁধে আঘাত পান পারভেজ। সেই চোট গুরুতর হওয়ায় তাকে ছাড়াই টুর্নামেন্টের পরবর্তী পরিকল্পনা সাজাতে হচ্ছে লাহোরকে।
পেশোয়ার জালমির বিপক্ষে লাহোরের আজকের ম্যাচটি শেষ করেই রাতেই দেশের বিমানে চড়বেন পারভেজ হোসেন ইমন। বিসিবির মেডিকেল টিম দেশে ফেরার পর তার চোটের অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে।
প্রথমবারের মতো পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে লাহোরের জার্সিতে ৩টি ম্যাচ খেলার সুযোগ পান ইমন। প্রথম দুই ম্যাচে সুবিধা করতে না পারলেও তৃতীয় ম্যাচে খেলেন ১৯ বলে ৪৫ রানের এক বিধ্বংসী ইনিংস। ৩ ইনিংসে ১৬১.৩৬ স্ট্রাইক রেটে তার মোট রান ৭১।
পিএসএল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বাকি পাঁচ বাংলাদেশি ক্রিকেটারও—মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও তানজিদ হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১২ এপ্রিল পর্যন্ত তাদের এনওসি দেওয়া হয়েছে। ফলে আগামীকাল রবিবারই তাদের দেশে ফেরার কথা রয়েছে।
সাকিবের জাতীয় দলে ফেরার অপেক্ষা বাড়ছে