আলোচনাসভায় বক্তারা

আয়ু বৃদ্ধির সঙ্গে বাড়ছে পারকিনসন রোগী

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৭:১১ পিএম

'বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে পারকিনসন রোগীর সংখ্যাও বাড়ছে, যা চিকিৎসা খাতে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তাই দ্রুত রোগ নির্ণয় ও যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই রোগের বোঝা অনেকাংশে কমানো সম্ভব।'

আজ শনিবার সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বিশ্ব পারকিনসন দিবস উপলক্ষে এই আলোচনাসভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। দিনব্যাপী এই কর্মসূচিতে চিকিৎসক, শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুল মোমেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. এ টি এম সোলাইমান কবির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মুহাম্মদ আক্তার হোসেন। তিনি পারকিনসনস রোগসহ বিভিন্ন স্নায়বিক সমস্যার লক্ষণ, প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রাজেশ সাহা, ডা. নাজমুল ইসলাম জয় এবং ডা. নাজমুল আলম। অনুষ্ঠানে আরও অংশ নেন নিউরোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. সিবাত আমিন খলিল এবং সহকারী রেজিস্ট্রার ডা. আবু ইসহাক ও ডা. মৌসুমি ইসলাম উর্মি।

পারকিনসন রোগ হলো এক প্রকারের নিউরো-ডিজেনারাটিভ বা স্নায়বিক রোগ বা স্নায়ু-অধঃপতনজনিত রোগ। ধারণা করা হয় যে, মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষ ক্ষতিগ্রস্ত হলে এই রোগ হয়। এই রোগের প্রাথমিক বৈশিষ্ট্য হল স্নায়তে প্রিসাইনাপ্টিক প্রটিনের জমা হওয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত