এবার লন্ডন উৎসবে ‘প্রেশার কুকার’

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম

‘প্রিন্স’ বাদে এবার ঈদের মুক্তি পাওয়া সব সিনেমাই দেশের গণ্ডি পার করে প্রদর্শিত হচ্ছে বিদেশের মাটিতে। অস্ট্রেলিয়ার পর এবার যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের নবম আসরে প্রিমিয়ার হতে যাচ্ছে ‘প্রেশার কুকার’ সিনেমাটির। আগামী ২২ এপ্রিল লন্ডনে ছবিটির এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রায়হান রাফী পরিচালিত সিনেমাটিতে একসঙ্গে চারজন নায়িকা অভিনয় করেছেন। তারা হলেন নাজিফা তুষি, শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্তা। 

আন্তর্জাতিক দর্শকদের সামনে ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলী তুলে ধরার লক্ষ্যেই এবারের উৎসবে সিনেমাটি নির্বাচন করা হয়েছে। জানা গেছে, প্রিমিয়ার শোতে পরিচালক রায়হান রাফি সশরীরে উপস্থিত থাকবেন। 

‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল’ দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজনে ‘প্রেশার কুকার’-এর অন্তর্ভুক্তি নির্মাতা ও সংশ্লিষ্টদের জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। 

ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রায়হান রাফী বলেন, ‘প্রেশার কুকার’ মূলত একটি আর্টিস্টিক ধাঁচের সিনেমা। এটি উৎসবকেন্দ্রিক দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পাবে বলেই তিনি মনে করেন। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী এখনো চলমান রয়েছে। আগামী সপ্তাহ থেকে উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলেও ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত