বাংলাদেশি ক্রিকেটে এক অবিশ্বাস্য ও বিরল ইতিহাসের জন্ম দিলেন তরুণ অফ-স্পিনার মাহিন হক। জাতীয় স্কুল ক্রিকেটের ইতিহাসে কোনো রান খরচ না করেই ৫টি উইকেট তুলে নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন খাগড়াছড়ির এই ক্ষুদে প্রতিভা।
শনিবার (১১ এপ্রিল) প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৫-২৬ মৌসুমের জেলা পর্যায়ের ম্যাচে খাগড়াছড়ি পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের হয়ে এই অনন্য কীর্তি গড়েন তিনি।
নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের বিপক্ষে মাহিন হক এদিন ৬ ওভার বল করেন। যার প্রতিটি ওভারই ছিল মেডেন! অর্থাৎ, একটি রানও খরচ না করে তিনি শিকার করেন ৫টি উইকেট। স্কুল ক্রিকেটের সীমিত পরিসরে এমন নিখুঁত ও বিধ্বংসী বোলিং স্পেল সচরাচর দেখা যায় না।
ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করতে নামে খাগড়াছড়ি পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ২০৫ রানের সংগ্রহ দাঁড় করায়। ২০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মাহিনের স্পিন বিষে নীল হয় নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল। মাহিনের অবিশ্বাস্য বোলিংয়ের তোপে মাত্র ২৭ রানেই অলআউট হয়ে যায় তারা। ফলে ১৭৮ রানের বিশাল জয় পায় পুলিশ লাইন্স।
২০১৫ সাল থেকে বাংলাদেশে নিয়মিত জাতীয় স্কুল ক্রিকেট অনুষ্ঠিত হয়ে আসছে। গত ১১ বছরের ইতিহাসে এমন বোলিং ফিগার আর দেখা যায়নি। আন্তর্জাতিক অঙ্গনে এর আগে ২০১৬ সালে ভারতের দিল্লিতে 'দিল্লি ডেয়ারডেভিলস স্কুল কাপ'-এ হার্শ ত্যাগি নামের এক বোলার ২.৩ ওভারে ০ রানে ৫ উইকেট নিয়েছিলেন।
এবারের জাতীয় স্কুল ক্রিকেটে দেশের ৬৪ জেলার ৩৪৭টি স্কুলের প্রায় ৯ হাজার ক্ষুদে ক্রিকেটার অংশ নিচ্ছে। বিসিবি ও প্রাইম ব্যাংকের এই উদ্যোগ থেকে প্রতিবছর সেরা ২৫ জন ক্রিকেটারকে বিশেষ বৃত্তি প্রদান করা হয়। মাহিনের এই অতিমানবীয় পারফরম্যান্স তাকে সেই বৃত্তির দৌড়ে এবং নির্বাচকদের নজরে অনেকখানি এগিয়ে দিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
