পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফখর জামানকে কেন্দ্র করে সম্প্রতি তৈরি হওয়া বল টেম্পারিং বিতর্ক ক্রিকেটে নতুন করে এক পুরনো আলোচনার জন্ম দিয়েছে। শনিবার এই বিতর্কে বিস্ফোরক এক মন্তব্য যোগ করেছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার ডেভিদ মালান। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটার ও বোলারদের মধ্যে ভারসাম্য ফেরাতে নিয়ন্ত্রিতভাবে বল টেম্পারিং বা বলের আকৃতি পরিবর্তন বৈধ করার দাবি জানিয়েছেন তিনি।
বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিএল দল রংপুর রাইডার্সের এই ব্যাটার বলেন, ‘আমি আসলে মনে করি এটি (বল টেম্পারিং ) বৈধ করা উচিত। ফিল্ডারদের বল ঘষার অনুমতি দেওয়া হোক। রিভার্স সুইং একটি শৈল্পিক দক্ষতা। কিন্তু বাইরে থেকে কোনো কিছু আনার প্রয়োজন নেই।’
৩৮ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটারের মতে, ক্রিকেটাররা দশকের পর দশক ধরে নানাভাবে বলের আকৃতি পরিবর্তন করে আসছেন। তাই ক্রিকেট কর্তৃপক্ষের উচিত এই বিষয়টিকে সবসময় 'কেলেঙ্কারি' হিসেবে না দেখে বাস্তবসম্মত সমাধান খোঁজা। তার দাবি, রিভার্স সুইংয়ের ব্যবহার বাড়লে টি-টোয়েন্টিতে ব্যাটারদের একচেটিয়া আধিপত্য কমবে এবং খেলা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
তবে মালানের এই প্রস্তাব বর্তমানে ক্রিকেট আইনের সরাসরি পরিপন্থী। মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ৪১.৩ আইন অনুযায়ী, ঘাম বা লালা দিয়ে পালিশ করা এবং শুকানো ছাড়া বলের উপরিভাগের অবস্থা পরিবর্তন করা সম্পূর্ণ অবৈধ। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধিতেও বলের আকৃতি পরিবর্তন বা সিমের ক্ষতি করাকে বড় অপরাধ হিসেবে গণ্য করা হয়। এখন দেখার বিষয়, আধুনিক ক্রিকেটের পরিবর্তনশীল ধারায় মালানের এই বিতর্কিত প্রস্তাব আইসিসি বা এমসিসি গুরুত্বের সঙ্গে নেয় কি না।
রোনালদোর গোলে আল নাসরের টানা জয়ের নতুন রেকর্ড
ডোপিংয়ের দায়ে দুই বছর নিষিদ্ধ মাবিয়া আক্তার