ভাইয়ের বিরুদ্ধে মামলা করার পরদিন লাশ হলেন বৃদ্ধা

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পিএম

মেহেরপুরের মুজিবনগরে সুফিয়া খাতুন নামের ৬০ বছর বয়সী এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঘরের আড়ায় ঝুলিয়ে রেখেছে বলে জানিয়েছে পরিবার।

আজ সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার টুঙ্গি গোপালপুর গ্রামে তার বাড়ি থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। লাশের পাশেই রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল। নিহত সুফিয়া খাতুন গ্রামের খেদের আলীর স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল খেদের আলীর ভাই আখের আলীর সঙ্গে। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের ধারণা।

নিহত সুফিয়া খাতুনের বোন জাহানারা খাতুন জানান, রবিবার মেহেরপুর আদালতে গিয়ে তার বোন ভূমি আইনে সম্পত্তি দাবি মামলার পরদিন তার বোনকে খুন হতে হলো।

মামলার আইনজীবী বুলবুলি খাতুন জানান, বাদী মামলা করার পর তিনি মৃত্যু আতঙ্কের কথা জানিয়ে বলেছিলেন উকিল সাহেব আমি মারা গেলে আমার সন্তানরা যেন পৈত্রিক সম্পত্তির ভাগ আইনগতভাবে পায় আপনি সেই কাজটুকু করবেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মুজিবনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত