বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পিএম

বেনাপোল বন্দর দিয়ে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সারাদিন দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। 

বন্দর থেকে মালামাল খালাশ সহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রমও বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বেনাপোল বন্দরের ডাইরেক্টর শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে আজ সারাদিন বন্ধ থাকছে আমদানি রপ্তানি বাণিজ্য। তবে আগামী বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে আবারও এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু হবে। 

বেনাপোল আমদানি রপ্তানিকারক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ. লতিফ জানান, পহেলা বৈশাখ মঙ্গলবার সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে এক দিনের জন্য আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টকেও বিষয়টি জানানো হয়েছে। বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের পরিদর্শক সৈয়দ মোর্তজা আলী জানান, আজ মঙ্গলবার পহেলা বৈশাখের সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত