ঠাকুরগাঁও-এর বাসিন্দাদের বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ১৪৩৩ উদযাপন

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পিএম

ঢাকায় বসবাসরত হরিপুর উপজেলা , ঠাকুরগাঁও-এর বাসিন্দাদের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ও আনন্দঘন বর্ষবরণ অনুষ্ঠান ‘শুভ নববর্ষ’। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন রাজধানীতে বসবাসরত হরিপুর উপজেলার অসংখ্য মানুষ, তাদের পরিবার-পরিজন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। 

আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য ছিল গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী খাবারের সমাহার। বিশেষ করে পান্তা-ইলিশ, বিভিন্ন ধরনের ভর্তা, পিঠাপুলি এবং বিভিন্ন দেশীয় খাবার সবার মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। খাবারের পাশাপাশি শিশু ও কিশোরদের জন্য ছিল বিভিন্ন বিনোদনমূলক আয়োজন, যা অনুষ্ঠানে বাড়তি প্রাণচাঞ্চল্য যোগ করে। সাংস্কৃতিক পর্বে স্থানীয় ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পরিবেশিত হয় পিলো পাস যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। বাংলা সংস্কৃতির ঐতিহ্য ও আবেগঘন উপস্থাপনায় দর্শকরা মুগ্ধ হন এবং দীর্ঘ সময় ধরে অনুষ্ঠান উপভোগ করেন।  

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মো. জাহিদুর রহমান , ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. জেড মর্তুজা চৌধুরী তুলা, ঠাকুরগাঁও -২ আসনের বর্তমান সংসদ সদস্য ডা. আব্দুস সালাম মহোদয়ের প্রতিনিধি হিসাবে তার কন্যা ডা. কাশফিয়া সালাম নির্ঝর, হরিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব অধ্যাপক করিমুল হক, ঠাকুরগাঁও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও মহিলা এমপি পদপ্রার্থী নাজমা বেগম, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার  মোহাম্মদ আবদুল হামিদ, ফ্রিল্যান্সার টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আহবায়ক মোহাম্মদ ফরিদুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ওয়াদুদ, বিশিষ্ট নাট্য পরিচালক শুভ্র আহমেদ, মো. সাকিব হাসান সাবেক ছাত্রদল সভাপতি,হরিপুর, মো. সারোয়ার আজম নিপু সফট আইটি সিকিউরিটি সিইও, ছাত্রনেতা শাহনেওয়াজ, নকীব,আরেফিন, সৌরভ, সাদেক, সারওয়ার, জাফর, রনি, আওয়াল, বাপ্পিসহ আরও অনেকের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেছে।  

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, শহরে থেকেও নিজস্ব শিকড় ও সংস্কৃতির সঙ্গে সংযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করার প্রত্যাশা ব্যক্ত করেন। 

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় অবস্থানরত হরিপুর উপজেলা, ঠাকুরগাঁও বাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চা জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে বাঙালির ঐতিহ্যবাহী উৎসবগুলোর গুরুত্ব তুলে ধরাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ বর্ষবরণ অনুষ্ঠান উপস্থিত সবার মাঝে নতুন বছরের আনন্দ, আশা ও উদ্দীপনা ছড়িয়ে দেয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের মিলনমেলা ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে আয়োজন করা হবে এবং শহরে থেকেও বাঙালির সংস্কৃতি চর্চা অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত