ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ায় একটি নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করেছে র্যাব-৬।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহিলা কলেজ পাড়ার বকুল হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে নকল প্রসাধনী তৈরি করা হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা নকল ‘চায়না’ ব্র্যান্ডের পারফিউম, ফেস ক্রিম, তেলসহ বিভিন্ন প্রসাধনী পণ্য জব্দ করেন। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের লেবেল ও বোতল, প্রসাধনী তৈরির কাঁচামাল, রাসায়নিক পদার্থ এবং ব্যবহৃত যন্ত্রপাতিও উদ্ধার করা হয়।
র্যাব-৬’র কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, দীর্ঘদিন ধরে ওই স্থানে অবৈধভাবে নকল প্রসাধনী তৈরি ও বাজারজাত করা হচ্ছিল।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান। এ সময় বাড়ির মালিক বকুল হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমও নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান