আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নির্বাচনে প্রার্থীদের এজেন্ট না রাখার গুঞ্জনে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্রেসিডেন্ট প্রার্থী ও কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা এমন কোনো নির্বাচন দেখিনি, যেখানে পোলিং এজেন্ট থাকে না। কিন্তু পাচ্ছি, রিহ্যাবের এই নির্বাচনে পোলিং এজেন্ট না রাখার কথা শোনা যাচ্ছে। আমরা আশা করব, নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত থেকে সরে আসবে।
তিনি বলেন, অঙ্গীকার নয়, অঙ্গীকার বাস্তবায়নের রোডম্যাপও তুলে ধরছি। ২৫টা অঙ্গীকার করেছি। আমরা নির্বাচিত হলে প্রতিটা বাস্তবায়ন করব।
ড. আফজাল বলেন, আমাদের ব্যবসার উন্নয়ন ও সহজ করাই রিহ্যাবের প্রধান কাজ। কিন্তু আমরা দেখেছি, ৬ তলার ওপর বিল্ডিং হয় না; একজন আবার ১০ লাখ টাকা দিলে ৯ তলা হয়ে যায়। রাজউকসহ সকল প্রতিষ্ঠানে আমরা হাত দেব। ব্যবসায়ীদের স্বস্তি দিতে আমরা কাজ করব।
তিনি আরও বলেন, ড্যাপ ব্যবসায়ীদের সর্বনাশ করেছে। ড্যাপের মাধ্যমে বৈষম্য করা হয়েছে। মিরপুর হলে উচ্চতা কম, আবার গুলশান-বনানী হলে উচ্চতা বেশি। এক শহর, এক নীতি হতে হবে।
ড. আলী আফজাল বলেন, মতিঝিলে যদি ৪০ তলা করা যায়, তাহলে অন্য এলাকায় কেন করা যাবে না? সেটা না করে বলা হচ্ছে, ৪ তলা, ৬ তলা, ৮ তলা করা যাবে। যা মন চায়, তাই করছে। ১০০ বছর পর কী হবে, তার কোনো পরিকল্পনা নেই। আমরা এই জায়গাগুলোতে কাজ করব। আমরা দায়িত্ব পেলে পুরো ড্যাপ বিশ্লেষণ করে সরকারকে বোঝাব ৬ মাসের মধ্যে।
তিনি বলেন, ব্যাংক ঋণের সুদ ১৪/১৫ শতাংশ। এটাকে আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসব। আমরা ৯০ দিনের মধ্যে রিহ্যাব ভবন নির্মাণের কাজ শুরু করব। রিহ্যাব সেন্টার হবে। ৩ মাসের মধ্যেই এই সেন্টারের কাজ শুরু করব, যেখানে পরিবার-পরিজনের জন্য বিনোদনসহ নানা সুবিধা থাকবে।
তিনি আরও বলেন, জবাবদিহিতা নিশ্চিত করব। সততা ও দক্ষতার সমন্বয়ে রিহ্যাব গড়ে তুলব। প্রতিমাসে আয়-ব্যয়ের হিসাবসহ বুলেটিন প্রকাশ করব— যা সব সদস্যদের হাতে পৌঁছে যাবে। রিহ্যাব সার্ভিস সেন্টার করব। একটি হটলাইন নম্বর থাকবে। এই সেন্টার ২৪ ঘণ্টা ৩৬৫ দিন খোলা থাকবে। গভীর রাতেও কেউ সমস্যায় পড়লে সেখানে আমাদের লোক ছুটে যাবে।
এ সময় আরও বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-৩ প্রার্থী এএফএম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-২ প্রার্থী এ.কে.এম. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-১ প্রার্থী মো. শেখ সাদী, ভাইস প্রেসিডেন্ট (ফাইনান্স) প্রার্থী ড. হারুন অর রশিদ প্রমুখ।
রাজধানীতে আনসার সদস্যদের হাতে ছিনতাইকারী আটক